‘কেন্দ্রে তৃণমূলের জোটসঙ্গীদের সঙ্গে বাংলায় কোনও জোট নয়’, স্পষ্ট জানালেন নওশাদ, সিপিএমের সঙ্গে জোট ভাঙছে আইএসএফ?

তৃণমূলের সঙ্গে নিজেদের অবস্থান এবার স্পষ্ট করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর স্পষ্ট কথা, কেন্দ্রে যারা তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে, বাংলায় তাদের সঙ্গে কোনও জোট বাঁধবে না আইএসএফ। তাহলে কী আসন্ন লোকসভা ভোটে বাম বা কংগ্রেসের হাত ধরবে না আইএসএফ? একাই লড়াই চালানোর কথা ভাবছেন কী নওশাদ? সেই প্রশ্নই উঠেছে এখন।

কেন্দ্রে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দেশের ২৮টি বিরোধী দল একজোট হয়েছে। গঠন করা হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এই জোটে একদিকে যেমন রয়েছে তৃণমূল, তেমনই আবার অন্যদিকে রয়েছে বাম, কংগ্রেসও। বাংলায় তৃণমূলের সঙ্গে বাম বা কংগ্রেসের তুমুল বিরোধিতা রয়েছে। সেই কারণেই বাম ও কংগ্রেসের অবস্থান নিয়ে উঠেছিল প্রশ্ন।

বিজেপি এই ঘটনাকে ‘দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি’ আখ্যা দেয়। তবে বাম ও কংগ্রেস জানিয়ে দেয় যে দিল্লিতে তৃণমূলের সঙ্গে বিজেপির বিপক্ষে একজোট হয়ে লড়াই করলেও, বাংলায় তৃণমূল তাদের শত্রুই। শাসক দলের কাজের সমালোচনা যেমন আগেও তারা করেছিল, পরবর্তীতেও তেমনই থাকবে। যদিও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি দিল্লিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে মোটেই খুশি নন।

কী জানাল নওশাদ?

এমন অবস্থায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নওশাদ সিদ্দিকি। তাঁর কথায়, তারা ‘ধরি মাছ না ছুঁই পানি’ তত্ত্ব মেনে চলার বিপক্ষে। আইএসএফ বিধায়ক বলেন, “কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল-বাম ইন্ডিয়া জোটের মধ্যেও থাকবে। আর বাংলাতে এর সঙ্গে ওর সঙ্গে থাকব না, এই জোটে আমরা নেই। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল থাকে আমরা সেখানে থাকব না। আর সেই জোটে যদি জাতীয় স্তরে কোনও রাজনৈতিক দল থাকে বাংলাতেও আমরা তাদের সঙ্গে থাকব না”।

সম্প্রতি আবার আসন নিয়ে বামেদের সঙ্গে সমঝোতা করা নিয়েও বিরোধিতা করে আইএসএফ। আসন্ন লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকি একাধিক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চান। বামেরা যদি সেই আসন না ছাড়ে, তাহলে একাই লড়াইয়ে নামবে আইএসএফ, এমনটাই বলে জানা গিয়েছে। এরই মধ্যে এবার নওশাদের এহেন মন্তব্য ফের নতুন করে জল্পনা তৈরি করল বঙ্গ রাজনীতিতে।

RELATED Articles