সরকারি স্কুলের রঙ নিয়ে শুরু হল রাজনৈতিক বিতর্ক। সরকারি স্কুলে গেরুয়া রঙ করা হয়েছে। তাই নিয়ে প্রবল উত্তেজনা এলাকাজুড়ে। বিতর্কের মুখে পড়ে আবার রাতারাতি বদলে দেওয়া হয় স্কুলের রঙ। এই ঘটনায় তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া গার্লস হাইস্কুলে। পাঁশকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের এই স্কুলে ছাত্রী সংখ্যা প্রায় ২২০০। শিক্ষিকা রয়েছেন ৪০ জন। স্থানীয় সূত্রে খবর, এই স্কুলে আগে নীল-সাদা রঙ ছিল। তবে দীর্ঘদিন সেই রঙ থাকায়, তা মলিন হয়ে যায়। সেই কারণে স্কুল বিল্ডিংয়ে নতুন রঙ করার সিদ্ধান্ত নেয় স্কুল পরিচালন কমিটি।
আর এখানেই বাঁধে গোল। নীল-সাদা রঙ তুলে স্কুলের নতুন রঙ হয় গেরুয়া। সেই রঙ চোখে পড়তেই এলাকায় শুরু হয়ে যায় শোরগোল। এই রঙ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সেই বিতর্কের কারণে রাতারাতি আবার বদল করা হয় স্কুলের রঙ। গেরুয়া রঙের উপর বিস্কুট রঙের প্রলেপ দেওয়া হয়। তবে বিতর্ক থামেনি। ফের মাথাচাড়া দেয় বিতর্ক।
স্কুলের রঙ বদলানো নিয়ে বিজেপির অভিযোগ, শাসক দলের চাপে স্কুলের গেরুয়া রঙ বদল করা হচ্ছে। বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্ব অরুণ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, “স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েই এই গেরুয়া রঙ করেছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তার মধ্যে সদ্য এই রঙ করা স্কুলের বাইরের অংশে ফের নতুন করে আলাদা একটি রঙ করা হচ্ছে। ভারতে ত্যাগের প্রতীক এই রঙকে এভাবে তোলা যায় না। এই রঙের পোশাক পরেই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। আসলে শাসক দলের চাপের মুখে পড়েই এমনটা করা হয়েছে। তাহলে জাতীয় পতাকা থেকেও কি ওরা এই গেরুয়া রঙ আলাদা করতে চায়? এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এটা করছেন তারা ঠিক করেননি। বরং স্কুল কলেজের রঙ গেরুয়া হলেই ছাত্র-ছাত্রীদের কাছে নীতি আদর্শ ত্যাগের প্রতীক হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান। তাই এমন ঘটনা যে অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় তা বোঝাই যাচ্ছে। একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পর থেকেই দিশাহারা হয়ে পড়ছে রাজ্যের শাসক দল”।
অন্যদিকে এর পাল্টা স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূলের ৪ নম্বর ওয়ার্ড কমিটির প্রাক্তন সভাপতি সুকান্ত আদকের বলেন, “রঙ মিস্ত্রিদের ভুলে গেরুয়া রঙটি হয়েছিল। ওরা নিজেরাই উদ্যোগী হয়ে বাইরের রঙটা পরিবর্তন করে দিচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই”।






