তিনি যে ফাঁকা আওয়াজ দেন, তা প্রমাণ করলেন তিনি নিজেই। গতকাল, শুক্রবারই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের আর্থিক বেনিয়ম সামনে আসবে। এবার শনিবারই শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান তুলে ধরে এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তিনি। শুভেন্দু অধিকারীর বাবার সম্পত্তির গরমিলের কথা জানিয়ে তাঁর প্রশ্ন, কোন জাদুবলে সম্পত্তি বাড়ল শিশিরের?
গতকাল কী বলেছিলেন কুণাল?
গতকাল, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেছিলেন, “২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাদের”।
এক্স হ্যান্ডেলে কী দাবী কুণালের?
এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, শিশির অধিকারী ২০০৯ সালের লোকসভা ভোটের সময় নির্বাচনী হলফনামাতে তাঁর সম্পত্তির পরিমাণ দেখিয়েছিলেন ১০ লক্ষ টাকা। এরপর কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। এরপর ২০১২ সালে প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণা অনুযায়ী, শিশির অধিকারীর সেই সম্পদের পরিমাণই বেড়ে দাঁড়ায় ১০ কোটিতে।
আবার ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানান, তাঁর সম্পদের পরিমাণ ৩ কোটি। এই তথ্য তুলে ধরেই তৃণমূল মুখপাত্র কুণালের প্রশ্ন, “তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু”?
শিশির অধিকারী।
2009: নির্বাচনী হলফনামা: মোট সম্পদ 10 লাখ+
তারপর কেন্দ্রীয় মন্ত্রী।
2012: প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা: মোট সম্পদ 10 কোটি+
2019: 3 কোটি+প্রশ্ন: তথ্য ঠিক না ভুল?
10 লাখ তিন বছরে 10 কোটি হল কী করে?
10 কোটি কী করে কমে 3 কোটি হল?
এটা কোন জাদু? pic.twitter.com/v2mYqIgwHF— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2023
প্রসঙ্গত, গত বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই একপ্রকার অধিকারী পরিবারের সম্পত্তির খতিয়ান নিয়ে হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে ‘কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে আসে’। এমনকি, মমতা এও বলেন, কার কোথায় কতটা সম্পত্তি রয়েছে, তার হিসেবও তাঁর কাছে রয়েছে।
এরপরই এর জবাব দিয়ে নিজের আয়কর রিটার্নের নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সেটা নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি কুণাল ঘোষ। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অধিকারী পরিবারের আর্থিক বেনিয়ম ফাঁস করার হুঁশিয়ারি শানিয়েছিলেন কুণাল। এবার সেই প্রেক্ষিতেই শিশির অধিকারীর সম্পত্তির তথ্য দিলেন তিনি।






