‘বঙ্গ বিজেপিতে পদ মানেই কেনা গোলাম হয়ে যাওয়া’, ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা

এর আগেও দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরোধিতা করেছেন তিনি। দলীয় কর্মীদের অবহেলা করায় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ আগেও উগড়ে দিয়েছেন তিনি। এবারও তেমনটাই হল। বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার কথায়, এখন বঙ্গ বিজেপিতে পদ পাওয়া মানেই গোলাম হয়ে যাওয়া।

কী বললেন অনুপম?

পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম হাজরা। এদিন তিনি দাবী করেন, দিনের পর দিন অবহেলার কারণে দলীয় কর্মীরা ক্রমশ হিংস্র হয়ে উঠছেন। এদিন বঙ্গ বিজেপির পদাধিকারী নেতাদের কটাক্ষ করে অনুপম বলেন, “এখন যা বঙ্গ বিজেপির অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, নাহলে সাসপেন্ড, নাহলে পদ চলে যাবে”। এরপর তাঁর প্রশ্ন, “আরে সবাই কি চাকর হতে ভালোবাসে নাকি”?

দলীয় কর্মীদের এদিন অনুপম নিদান দেন, “লোকসভা ভোটের মুখে আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের মধ্যে যেন কোনও চোর না থাকে। ঘরশত্রু বিভীষণদের ঝাঁটা মেরে বের করতে হবে। নাহলে আমাদের সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গে যে ৩৫ টি আসন দখলের কথা বলেছেন তা স্বপ্নই থেকে যাবে”।

এরপরই অনুপম বলেন কিছু কিছু জায়গায় কিছু পদাধিকারী রয়েছেন, যারা দিনে বিজেপি করে আর রাতের বেলায় তৃণমূল নেতার বাড়িতে মাছ-মাংস খান। তাঁর কথায়, “আপনারা চোখ-কান খোলা রাখলে দেখবেন বেশ কিছু নেতা আছে। আমাদের বোলপুরেও আছে। দিনে বিজেপি, রাতে তৃণমূল নেতার বাড়িতে মাংস-ভাত খাচ্ছেন। আরও কিছু খাচ্ছেন। এসব দোঁ-আঁশলাগিরি বন্ধ হওয়া দরকার”।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। তিনি অনুপমের এহেন মন্তব্য প্রসঙ্গে বলেন, “আজ দলের কোনও কর্মসূচি ছিল বলে আমার জানা নেই। উনি জাতীয়স্তরের নেতা। ওনার বন্ধুবান্ধবদের নিয়ে করতে পারেন। উনি দলের বিরুদ্ধে কিছু বললে সেটা ওঁর ব্যক্তিগত মতামত”।

RELATED Articles