রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। এবার সরাসরি মৃত্যুর কথা শোনা গেল তাঁর মুখে। ইডি হেফাজতে থেকে কেন মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে মন্ত্রীকে?
আজ, রবিবার জ্যোতিপ্রিয়কে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় ফের নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “আমি বাঁচব না, মরে যাব”।
তাঁর মুখে এহেন কথা শুনে হকচকিয়ে যান সকলেই। ইডি হেফাজতে থাকা মন্ত্রী কেন এমন মৃত্যুভয় পাচ্ছেন, তা নিয়ে ওঠে প্রশ্ন। যদিও বিরোধীদের দাবী, ইডি হেফাজত থেকে ছাড়া পেতেই নাকি এমন নাটক করছেন জ্যোতিপ্রিয়।
উল্লেখ্য, রেশন দুর্নীতির জেরে অক্টোবর মাসে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। সদ্যই পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার আগে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সেই সময় মমতা উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘বালু’র হাই সুগার রয়েছে। এমনকি, তাঁর প্রাণহানির আশঙ্কাও করেছিলেন তিনি। আগামীকাল, সোমবার জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করার কথা। এদিন তাঁর ইডি হেফাজত শেষ হচ্ছে। আর আজ মৃত্যুভয়ের আশঙ্কা করলেন মন্ত্রী। আগামীকাল তিনি জামিন পান কী না, এখন সেটাই দেখার।





