বেশ ভালোভাবেই কেটেছে কালী পুজো। মনোরম আবহাওয়ায় দীপাবলি কাটিয়েছে বঙ্গবাসী। হালকা ঠাণ্ডা আমেজ উপভোগ করতে করতেই আলোর উৎসব কেটেছে। কিন্তু এবার যা মনে হচ্ছে, ভাইফোঁটা তেমন নির্বিঘ্নে কাটবে না। ভাইফোঁটার আনন্দে থাবা বসাতে পারে বৃষ্টি। বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবেই মঙ্গলবার বিকেল থেকে মেঘলা আকাশ দেখা যাবে। আর সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর তা দিক পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে সরে যেতে পারে।
দক্ষিণবঙ্গ এবং ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। উপকূল এলাকার কোথাও কোথাও ভারী বৃষ্টিএ সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত বঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।
বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। যদি হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হয়, তাহলে বুধবার বঙ্গে বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস। এর জেরে বাড়তে পারে তাপমাত্রাও। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার আবার ইডেনে রয়েছে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ। এদিন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। সেই ম্যাচে কী বাঁধ সাধবে বৃষ্টি, সেই প্রশ্নও উঠেছে।





