এখনও পর্যন্ত জয়নগর কাণ্ডের রেশ কাটে নি। এরই মধ্যে আমডাঙায় খু’ন হয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। এর জেরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এর জন্য দায়ী করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শাসক দলকে নিশানা করেছেন বামনেতা সুজন চক্রবর্তীও।
গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটে এই খু’নের ঘটনা। এদিন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে কামদেবপুর হাটে যান তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে বোমাবাজি হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের।
এরপরই জাতীয় সড়ক আটক করে অবরোধ করে তৃণমূল। এই ঘটনার বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখনও থমথমে আমডাঙা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে রাজ্যে একের পর এক খু’ন, বিশৃঙ্খলার জন্য রাজ্যের প্রশাসন ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কী বললেন বিজেপি নেতা?
দিলীপ ঘোষের কথায়, “পুলিশমন্ত্রী ২ মাস ধরে ঘরে বসে আছেন। উনি যে পারবেন না তা প্রমাণ হয়ে গিয়েছে। দায়িত্ব নিতে পারছেন না যখন ভাইপোকে দায়িত্ব দিয়ে দিন”। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এই ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জয়নগর শান্ত হওয়ার আগেই আমডাঙা। তৃণমূল নেতাদের মধ্যে বখরার লড়াই ভয়ংকর জায়গায় পৌঁছে গিয়েছে”। তাঁর দাবী, তৃণমূল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে বিরোধীদের কোনও যোগসূত্র তৈরির চেষ্টা করা হলে তা ভুল হবে।






