করোনা মোকাবিলায় নিরলস পরিশ্রম, ভারত সরকারের প্রশংসা করল WHO

করোনা প্রতিরোধে ভারত সরকারের নিরলস পরিশ্রম নজর কেড়েছে গোটা বিশ্বের। এবার ভারতের কড়া পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা( WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের প্রতিনিধি হেঙ্ক বেকেডাম মঙ্গলবার একথা জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভারত কী কী ব্যবস্থা নিয়েছে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে যান বেকেডাম। সেখানকার পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি।

স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর বেকেডাম বলেন, “ভারতে গবেষণার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ এবং স্বাস্থ্য গবেষণা বিভাগে ভাল পরিকাঠামো আছে। ভারত আলাদা করে ভাইরাসটিকে শনাক্ত করতে পারছে। এবার ভারতও আমাদের গবেষণার অংশ হয়ে যাবে। ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর দফতরের দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয় এবং কার্যকারী। এজন্যই হয়তো ভারত এখনও করোনার বিরুদ্ধে ভালভাবে লড়াই করছে। ”

এখনও পর্যন্ত দেশে মোট ১২৭ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর আহতেই শুরু হয়েছে আলাদা করে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কাজ। করোনা রোগীরা যাতে অন্যদের সংস্পর্শে না আসতে পারেন, তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে সরকার। একই সঙ্গে শুরু হয়েছে করোনা নিয়ে গবেষণা।

আরও অন্যান্য খবর