গতকাল, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘক্ষণ ধরে চলে এই তল্লাশি। বাপ্পাদিত্যর বাড়ি থেকে ১০০ পাতার নথি উদ্ধার হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। মূলত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কাণ্ডেই বাপ্পাদিত্যর বাড়িতে এই অভিযান চালিয়েছিল সিবিআই।
কী কী মিলল বাপ্পাদিত্যর বাড়ি থেকে?
সিবিআই সূত্রে খবর, এদিন বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি তল্লাশি চালিয়ে তদন্তকারীরা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করেছেন। সেই সঙ্গে বাপ্পাদিত্যর বাড়ি থেকে পাওয়া গিয়েছে অ্যাডমিট কার্ড, রেকমেনডেশন লেটার, এমনটাই খবর সিবিআই সূত্রে। রাজ্য সরকারের একাধিক পদে নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।
জানা গিয়েছে, বাপ্পাদিত্য একসময় পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণে পার্থ জেলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন বাপ্পাদিত্য। রাজ্য সরকারের নানান পদে নিয়োগ সংক্রান্ত নথিও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাও জানা গিয়েছে।
গতকাল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বাপ্পাদিত্য দাশগুপ্তের বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপের বাড়িতে ছিলেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে ব্যাঙ্কের স্টেটমেন্ট, বেশ কিছু বায়োডাটা, বাপ্পাদিত্য দাশগুপ্তের মোবাইল বাজেয়াপ্ত করেছেন।





