দিব্যি বেঁচে রয়েছেন কিন্তু সরকারি খাতায় তিনি ‘মৃত’, বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে বধূ

নাম পূর্ণিমা বারিক। বাড়ি দাসপুর দুই নম্বর ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রামে। পূর্ণিমাদেবী আদ্যোপান্ত একজন গৃহবধূ। দুই নাবালিকা মেয়েকে  মানুষ করার পাশাপাশি সংসারের সমস্ত কাজ একা হাতেই সামলান তিনি। দিব্যি বেঁচে থেকে সমস্ত কাজ করছেন। কিন্তু সরকারের খাতায় তিনি ‘মৃত’। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। এবার তাই নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন বধূ।  

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা পান পূর্ণিমাদেবী। কিন্তু শেষবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছিল চলতি বছরের মে মাসে। জুন মাস থেকে আর কোনও টাকা ঢোকে নি অ্যাকাউন্টে। কেন এমন হচ্ছে খোঁজ নিতেই পূর্ণিমাদেবী জানতে পারেন যে সরকারের খাতায় নাকি তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই কারণেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

কী জানালেন পূর্ণিমাদেবী?

পূর্ণিমাদেবী বলেন, “দুই মেয়ের টিউশনির টাকা দেব বলে ব্যাঙ্কে টাকা তুলতে যাই। গিয়ে জানতে পারলাম গত জুন মাস থেকে টাকাই ঢোকেনি আমার অ্যাকাউন্টে। কেন টাকা জমা পড়েনি তা জানতে প্রথমে খেপূত গ্রাম পঞ্চায়েত অফিস পরে দাসপুর দুই ব্লক অফিসে যাই। ব্লক অফিসে গিয়ে জানতে পারি লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে আমি ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে। আমি তো অবাক। এটা কী করে সম্ভব হল? আমি তো জলজ্যান্ত ঘুরে বেড়াচ্ছি”।

এমনটা হওয়ায় বেশ ভেঙে পড়েছেন পূর্ণিমাদেবী। এলাকার বিডিও জানাচ্ছেন, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্লক প্রশাসনের পরামর্শেই নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে ঘুরছেন পূর্ণিমাদেবী। গ্রামের পঞ্চায়েত প্রধান তাঁকে জীবিত বলে শংসাপত্র দিয়েছেন। ব্লক প্রশাসনের শংসাপত্র নিয়েও ঘাটাল মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ‘আমি জীবিত’ বলে হলফনামাও জমা দিয়েছেন পূর্ণিমাদেবী।  

পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কাছে এই হলফনামা জমা দিয়েছেন তিনি। জেলাশাসক পদক্ষেপ নিলে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন পূর্ণিমাদেবী।  দাসপুর দুই ব্লকের জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহরায় বলেন, “যে কারণেই হোক কোথাও একটা ভুল হয়েছে। যার ফলে তিনি পোর্টালে ‘মৃত’ হয়ে গিয়েছেন। যাতে পূর্ণিমাদেবী পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন তার সবরকমের চেষ্টা করা হবে”।

আরও অন্যান্য খবর