‘অন্যায় করলে তো ফল ভুগতেই হবে’, মহুয়া বিতর্কের মাঝেই তৃণমূলকে তোপ প্রয়াত তাপস পালের স্ত্রীর

সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে। তাঁকে নিয়ে রাজনীতির ময়দানে চর্চার অন্ত নেই। এই বিতর্কের মাঝেই এবার ফিরল প্রয়াত তাপস পালের প্রসঙ্গ। তাপস জায়া নন্দিনী পাল জানান যে তাপস পাল সাংসদ থাকাকালীন তিনি দলীয় কোন্দলের শিকার হয়েছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নন্দিনী পালের কথায়, মহুয়া মৈত্রের এই বিতর্ক আসলে তৃণমূলের ‘অন্যায়ের ফল’।

কী বললেন নন্দিনী?

নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দিনী। তাঁর কথায়, অন্যায় করলে সেই ফল ভুগতেই হবে। তাপস পাল কোনওদিন অনৈতিক কাজ করেন নি। কিন্তু তাঁর করা বিতর্কিত মন্তব্যকে পাপ বলে মনে করেছেন নন্দিনী। তিনি বলেন, তাপসবাবু যতদিন বেঁচেছিলেন, ততদিন পাপের ফল হিসেবে জেলবন্দি হয়ে জীবন কাটিয়েছেন তিনি। কারণ চিটফান্ডের ইস্যু রাজনৈতিক প্রতিহিংসা ছিল।   

স্মৃতিচারণা করে নন্দিনী পাল লেখেন, “তাপস বাবু আজ আর নেই, সিবিআই কেস থেকে উনি মুক্তি পেয়েছেন। কিন্তু সিবিআই-এর কাছে যে সিকিউরিটি ডিপোজিট করা আছে (যা তাপসবাবুর সারা জীবনের রোজগারের টাকা) তা আজও উদ্ধার করতে পারিনি। লড়াই করে যাছি। তৃণমূল আর কেউ নেই যাঁর কাছে প্রার্থনা করে সাহায্য চাইনি”। তাঁর দাবী, এই বিষয়ে দলের তরফে তাঁকে কোনও সাহায্য করা হয়নি। নন্দিনী বলেন, “অকৃতজ্ঞ আর নির্লজ্জতার কোনও সীমা নেই দেখেলাম। ইউজ এন্ড থ্রো নীতি আর পরিণতিটা তা দেখে রাখলাম”।

প্রসঙ্গত, ঘুষ নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই নিয়ে তাঁকে জেরা করেছিল লোকসভার এথিক্স কমিটি। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়। আজ, শুক্রবার সেই রিপোর্ট পেশ হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছিল। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির এই রিপোর্ট পর্যালোচনা করেন। এরপরই সংসদে ধ্বনি ভোটের মাধ্যমে খারিজ করা হয় মহুয়া মৈত্রের সাংসদ পদ।

যদিও মহুয়ার এই বহিষ্কার নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহুয়াকে সমর্থন করে বলেছেন, “বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “যেভাবে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে বহিষ্কার করা হল, তাতে স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিল। আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। মহুয়ার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধির বিরুদ্ধে এমন পদক্ষেপ! আমি বলছি, মহুয়া প্রতিহিংসার শিকার হয়েছে। দল ওর পাশে ছিল, আছে, থাকবে”।

আরও অন্যান্য খবর