বর্তমানে নানান খাবার নিয়ে পরীক্ষানিরীক্ষা করার চল উঠেছে। ফুড ব্লগিং বলে যাকে। নানান খাবারে উদ্ভট সব সামগ্রী মিশিয়ে তৈরি করা হয় এক খাবার যা দেখে অনেকের খাবারের প্রতি লোভ বাড়ার বদলে উল্টে খাবারের প্রতি এক অনীহা চলে আসে।
সব খাবার ছেড়ে এবার চা নিয়ে হচ্ছে নানান পরীক্ষানিরীক্ষা। এর আগে চায়ের মধ্যে মাছ, ডিম মিশিয়ে এক অনন্য চা বানানোর ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে বেজায় চটেছিলেন চা-প্রেমীরা। কারণ চা-প্রেমীদের কাছে চা শুধুমাত্র একটি পানীয় নয়, তা একটা আবেগ। আর সেই চা নিয়ে এমন উদ্ভট এক্সপেরিমেন্ট মেনে নেন নি কেউই।
কিন্তু তা সত্ত্বেও চা নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ হয় নি। এবার চা নিয়ে একটি ভিডিও ভাইরাল হল যা দেখে ফের ক্ষেপে গেলেন চা-প্রেমীরা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওর ক্যাপশনে লেখা, “মোয়ে মোয়ে চা”। আর সেই চা বানানোর পদ্ধতি দেখে চোখ কপালে ওঠার জোগাড়।
কী রয়েছে সেই ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভাঁড়ে রাখা হল একটি রসগোল্লা। আর তারপর সেই রসগোল্লার উপরই ঢেলে দেওয়া হল গরম গরম চা। এই চায়ের নামই ‘মোয়ে মোয়ে চা’। এমন চা দেখলে রসগোল্লাপ্রেমী ও চা-প্রেমী উভয়েই রীতিমতো আঁতকে উঠবেন। রসগোল্লার সৃষ্টিকর্তা নবীন চন্দ্র দাসও বুঝি এমন ভিডিও দেখলে ভয় পেয়ে যেতেন।
View this post on Instagram
এই ভিডিও দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, “কিছু খাবার আইটেমের উপর পরীক্ষা করা উচিত নয়। এটা চকলেট টপিং দিয়ে পিৎজা বানানোর মতো”। কেউ লিখেছেন, “রসগোল্লা ছাইগোল্লা”, অপর একজন ব্যবহারকারী লিখেছেন, “বাঙালি হতে কষ্ট হয়”। আবার কেউ কেউ বলছেন, রসগোল্লা বিচার দাবি করছে। একজন লিখেছেন, “চিনি শেষ হওয়ার পর রসগোল্লা যোগ করে চা বানানো হয়েছে”।





