বরাতের জোর! চালকের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেল বিকানির-হাওড়া এক্সপ্রেস, ব্যাহত ট্রেন চলাচল

বড়দিনের পরদিন বড়সড় এক রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। এর জেরে আসানসোলে মেইন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ওভারহেডের তার ও ইলেকট্রিক পোল পড়ে যাওয়ার কারণে আসানসোল-হাওড়া মেইন লাইনে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে।

কী ঘটেছে ঘটনাটি?

 আসানসোল-হাওড়া মেইন লাইনে ওভারহেডের তার ও ইলেকট্রিক পোল পড়ে গিয়েছিল। আজ, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে/ রেল আধিকারিকদের অনুমান, ডাউন লাইন দিয়ে কোনও মালগাড়ি যাওয়ার সময় হয় সেটির দরজা খোলা ছিল। সেই খোলা দরজাই লেগে যায় ওভারহেডের ইলেকট্রিক পোলে। তাতেই সেই পোলটি বেঁকে যায়।

সেই লাইন কিছুক্ষণ পর যাচ্ছিল বিকানির-হাওড়া এক্সপ্রেস। ওভারহেডের তারের এমন হাল দেখে তড়িঘড়ি ব্রেক কষেন ট্রেন চালক। এর জেরে বড়সড় এক বিপদের থেকে রক্ষা পান যাত্রীরা। এরপর ডাউন স্লো লাইন দিয়ে ডাউন লাইনের ট্রেনগুলিকে পার করানো হয়। আর ওভারহেডের তার মেরামতির কাজও শুরু হয় ততক্ষণে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকানির-হাওড়া ট্রেনটি যাওয়ার সময় আসানসোল স্টেশন ছাড়িয়ে একটু এগোতেই দাঁড়িয়ে পড়ে। পরে জানা যায় যে চালক দেখতে পান যে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছে। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে এই ট্রেন।

এর জেরে বেলা ৯টা পর্যন্ত হাওড়া-আসানসোলের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। একাধিক ট্রেন এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। পরে ডাউন স্লো লাইন দিয়ে আস্তে আস্তে ডাউন লাইনের ট্রেনগুলিকে পার করানো হয়।

ফের রানিগঞ্জ থেকে ঠিকঠাক স্পিডে চলাচল করছে ট্রেন। বিশেষ করে রাতের দিকের ট্রেনগুলিকে পার করানো হয়। আপাতত খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে। পরিষেবা কিছুটা হলেও বিপর্যস্ত। এর জেরে যাত্রীরা বেশ সমস্যায় পড়েছেন।

RELATED Articles