সদ্যই কেন্দ্রীয় পদ হারিয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বেসুরো অনুপম হাজরা। বছর শেষেও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তিনি। ছাড়লেন না কটাক্ষ করতে। তবে তাঁর নিশানা ঠিক কোনদিকে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের দাবী, পরোক্ষভাবে গেরুয়া শিবিরকেই দেগেছেন বিজেপি নেতা।
কী লিখেছেন অনুপম?
সোশাল মিডিয়ায় অনুপম হাজরা লেখেন, “অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে পারে যে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন”!!! পোস্টটির প্রথমেই তিনি লিখেছেন, “লার্নিং ফ্রম ২০২৩”। আর এই পোস্টটিতে হ্যাশট্যাগ দিয়ে অনুপম লিখেছেন, ‘স্বচ্ছ ভারত’, ‘স্বচ্ছ রাজনীতি’।
তাঁর এই পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কাকে উদ্দেশ্য করে এই পোস্ট প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সম্পাদকের? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকের মতেই নিজের দলকেই খোঁচা দিয়েছেন তিনি। দুর্নীতি ইস্যু নিয়ে তৃণমূলকে বারবার তোপ দেগেছে গেরুয়া শিবির। এবার কী তবে সেই পদ্ম শিবিরের দুর্নীতি নিয়েও ইঙ্গিত দিয়ে পরোক্ষভাবে এই পোস্ট করলেন অনুপম? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দলের প্রতি বেসুরো অনুপম হাজরা। বলা ভালো, বঙ্গ বিজেপিকে বারবার আক্রমণ করেছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শমীক ভট্টাচার্য সকলেই ছিলেন তাঁর নিশানায়। বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিয়ে তাঁর কটাক্ষ কম নয়। কিছুদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছিলেন তিনি। আর এবার সম্প্রতি হারিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদও। কিন্তু তাও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা বন্ধ করেন নি তিনি।





