আজ, মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ বিয়ে। আপাতত রাজ্যে কোনও বিয়ে হবে না, এমনটাই মকরা নির্দেশ দিল নবান্ন। বেশ কিছুদিন জারি থাকবে এই নির্দেশ। আর নবান্নের এহেন নির্দেশের জেরে বড় বিপাকে পড়েছেন হবু বর-কনেরা।
তবে সামাজিক বিয়ে নয়, বন্ধ থাকবে রেজিস্ট্রি ম্যারেজ অর্থাৎ আইনি বিয়ে। ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্টার জেনারেল অফিসের তরফে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পোর্টালের মাধ্যমে বিয়ে নথিভুক্ত করার কাজ এ রাজ্যে শুরু হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২২ সালের ১ নভেম্বর থেকে এই রেজিস্ট্রি ম্যারেজের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার ব্যবস্থাও শুরু হয়।
কিন্তু এই নিয়ে সমস্যাও দেখা দেয় ঢের। অনেক সময়ই দেখা যায় যে বর-কনে এমনকি আধিকারিকদেরও আঙুলের ছাপ মিলছে না। এর জেরে নির্দিষ্ট দিনে বিয়ে ব্যর্থ হয়। এই সমস্যা এড়ানোর জন্যই পোর্টালে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই কারণেই আপাতত রেজিস্ট্রি ম্যারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে নবান্নর এমন নির্দেশের জেরে বেজায় বিপাকে পড়েছেন রাজ্যের বহু যবুক-যবুতী। এই চারদিনে প্রায় হাজার খানেকের বেশি রেজিস্ট্রি ম্যারেজের আবেদন জমা পড়েছিল। এখন সবই স্থগিত হয়ে গেল। ৩১ ডিসেম্বর রাত দশটা থেকেই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। গতকাল, সোমবার ভোর তিনটে পর্যন্ত কাজ চলেছে। এই সময় ম্যারেজ রেজিস্ট্রারদের নিষেধ করা হয়েছে যাতে কোনওরকম আবেদন ‘প্রসেস’ করতে না করা হয়। আপাতত ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বন্ধ আইনি বিয়ে।
পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণে এর আগেও তিন-চার ঘণ্টা বন্ধ রাখা হয়েছে পোর্টাল। তবে এবার টানা চার-পাঁচদিন বন্ধ রাখা হল। পৌষ মাসে এমনিতেও সামাজিক বিয়ে হয় না। তবে এই সময় অনেকেই রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলে মাঘ মাসে সামাজিকি বিয়ে করেন। কিন্তু আপাতত চারদিন বন্ধ আইনি বিয়ে।





