‘অভিষেকের এত সম্পত্তি আসে কোথা থেকে, সোশ্যাল মিডিয়ায় হলফনামা দিয়ে জানান’, ফের বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

ফের একবার বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কীভাবে হয়, তা নিয়ে তাঁকে খতিয়ান জমা দেওয়ার কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতিকে এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়লেন না তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কী বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

আসলে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, “সুদীপ রাহার নাম শুনিনি। আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করেছে”।

বিচারপতি কটাক্ষ করে এও বলেন, “আমার মনে হয়, একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে। বলবে, আমাদের সম্পত্তি চুরি করে করা। চুরি বন্ধ হলে অসুবিধা হবে। তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করবে”।

এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর প্রশ্ন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নেতা। তাঁর এত সম্পত্তি কোথা থেকে আসে? যদি হলফনামা দিয়ে জানান তাহলে বাকি নেতা যাঁরা মীনাক্ষীর মতো তাঁদের বলব আপনারাও সম্পত্তির কথা জানান। তাঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সম্পত্তি কত, সেটা কি একটি হলফনামা তৈরি করে কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? উনি কি পারবেন? মনে হয় না পারবেন”?

এমনকি, দুর্নীতি ঢাকতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর প্রশ্ন, “রাজ্য দুর্নীতি ঢাকতে কত টাকা খরচ করছে? এর পর অফিসিয়ালি জানতে চাইব। বিভিন্ন স্তরের লোকেরা জেলে তাই আমার উপর রাগ”।

কী প্রতিক্রিয়া কুণালের?

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বিচারপতি নিজের মামলা, বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলুন। অযথা রাজনীতিতে এক্সপোজ হয়ে যাচ্ছেন। কাকে পছন্দ করেন, কাকে করেন না, বিষয়গুলো সামনে এসে যাচ্ছে”। এরপরই বিচারপতিকে পরামর্শ দিয়ে কুণাল বলেন, “অনেকে আপনাকে ভগবান বলেন। কথায় আছে দশ চক্রে ভগবান ভূত। অযথা লোকের প্ররোচনায় ভগবান ভূত হয়ে যাবেন না”।

আরও অন্যান্য খবর