সূর্যের দেখা মিললেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কনকনে ঠাণ্ডার মধ্যেই ভিজবে বঙ্গের মাটি, কোথায় কোথায় হবে বৃষ্টি?

গত কয়েকদিন ধরে কনকনে ঠাণ্ডায় রীতিমতো কাঁপছিল বঙ্গবাসী। সেই ঠাণ্ডার প্রভাব অল্প কমলেও, এখনও বেশ কনকনে ঠাণ্ডা। এর উপর আবার দোসর বৃষ্টিও। এর জেরে একেবারে জবুথবু হওয়ার জোগাড় বঙ্গবাসীর। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে।

আজ, শুক্রবার সকালেও চারিদিক মোড়া ছিল ঘন কুয়াশায়। বেলা বাড়তে সূর্যকে দেখা গিয়েছে বটে, তবে ঠাণ্ডা হাওয়া বইছেই। তবে আকাশ মেঘলা থাকায় রাতের তাপমাত্রা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিমুখর বাংলা। গতকাল, বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে নানান জেলায়। আজ, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

কোথায় কোথায় হবে বৃষ্টি?   

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংও ভিজতে পারে বৃষ্টিতে। এই দুই জেলায় আবার তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশা থেকে মুক্তি নেই বলেই জানাল আবহাওয়া দফতর। দিনে স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকলেও, রাতের তাপমাত্রা তেমন বাড়বে না বলে জানাচ্ছে হাওয়া অফিস?

গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

বাকি জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল?

  • বাঁকুড়া ১৬.৫ (-৯)
  • শ্রীনিকেতন ১৬.৬ (-৮)
  • মালদহ ১৬.৮ (-৬)
  • মেদিনীপুর ১৭.১ (-৯)
  • কৃষ্ণনগর ১৭.২ (-৮)
  • বর্ধমান ১৭.৬ (-৯)
  • দমদম ১৯.১ (-৬)
  • আলিপুর ১৯.২ (-৭)
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর