রামমন্দিরের উদ্বোধনে অর্ধদিবস ছুটি, কিন্তু নেতাজি জয়ন্তীতে নেই জাতীয় ছুটি, মোদী সরকারের উপর চটল দেশবাসী

জাতীয় ছুটি নয় নেতাজি জয়ন্তী। কিছু কিছু রাজ্যে ২৩ জানুয়ারি ছুটি ঘোষণা করা হলেও দেশজুড়ে এই দিনটিতে ছুটির ঘোষণা করে নি কেন্দ্র সরকার। সেই নিয়ে এমনিতেই দেশবাসীর ক্ষোভের শেষ ছিল না, তবে এবার সেই ক্ষোভ যেন মাত্রা ছাড়াল।

কী ঘটেছে আসলে?

গতকাল ২২ জানুয়ারি ছিল অযোধ্যার রামমন্দিরের শুভ উদ্বোধন। এদিন কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে নানান কেন্দ্র সরকারের কর্মীরা অর্ধেক দিন কাজ করেছেন এদিন।

এর ঠিক পরদিন অর্থাৎ আজ ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। দেশনায়কের জন্মদিনে কিন্তু জাতীয় ছুটি নেই দেশে। দেশবাসীর ক্ষোভ, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে যদি অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয় কেন্দ্র সরকারের তরফে, তাহলে দেশনায়কের জন্মজয়ন্তীতে কেন ছুটির ঘোষণা করছে না কেন্দ্র সরকার?

নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমে ছুটির ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। প্রতি বছর এই দিনে নেতাজি জয়ন্তী গোটা দেশে পালন করা হলেও, এদিন কোনও ছুটির ঘোষণা করা হয়নি কেন্দ্র সরকারের তরফে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে জাতীয় ছুটির ঘোষণার দাবী অনেকদিনের। এই নিয়ে ২০২২ সালে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেই সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, জাতীয় ছুটি ঘোষণা ভারত সরকারের ব্যাপার। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী করতে পারে! শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে এই বিষয়ে বিচার বিভাগ কোনওভাবেই কোনও হস্তক্ষেপ করবে না।

২০২১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪তম জন্মজয়ন্তীতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এদিন উপলক্ষ্যে নেতাজিকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। ২৩ জানুয়ারি দিনটিকে সেই বছর ‘পরাক্রম দিবস’ হিসেবে অভিহিত করেছিল কেন্দ্র সরকার। কিন্তু এই দিনটিতে জাতীয় ছুটি ঘোষণা করে কোনও মন্তব্য করা হয়নি এরপর থেকে।

আরও অন্যান্য খবর