‘রাজনীতির চাকরি ছেড়ে দিয়ে আবার সিনেমায় স্ক্রিনে ফিরুন’, ‘প্রজাপতি’ বিতর্কের মাঝেই এবার দেব-মিঠুনকে বার্তা অরিত্রর

নন্দনে জায়গা হয়নি দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’র। এই নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্য হয়েই চলেছে। কুণাল ঘোষ এই নিয়ে যা মন্তব্য করেছেন তাতে বিতর্ক আরও বেড়েছে। পাল্টা তোপ দাগেন দেবও। অন্যদিকে, বিজেপির তরফে এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করা হয়েছে। এসবের মাঝেই এবার দেব-মিঠুনদের মতো রাজনীতিতে আসা অভিনেতাদের বিশেষ বার্তা দিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।

শিশুশিল্পী হিসেবেই নিজের কেরিয়ার শুরু করেন অরিত্র। ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা, সব জায়গাতেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের অভিনয় জগতে ফিরেছেন তিনি। আজ, বুধবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অরিত্র দাবী করেন যে কারোরই সিনেমা বা অভিনেতাদের নিয়ে ফালতু কোনও কথা বলার সাহস থাকত না, যদি না অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ‘অল্টারনেট জব সিকুরিটি’ খুঁজতে রাজনীতিতে যোগ দিতেন আর নিজেদের ভক্তদের কাছে শ্রদ্ধার জায়গাটা নষ্ট করতেন।

ফেসবুক পোস্টে অরিত্র লেখেন, “আমরা শিল্পীরা নিজেদের দোষে এই অপমানের সুযোগ করে দিয়েছি তাই রাজনৈতিক দলগুলি নিজের ভোটের আবেগ বিক্রি করতে গিয়ে সিনেমার ইমোশনকে বিক্রি করছে। এখনও সময় আছে যদি নিজের ক্রাফটের ওপর আর অডিয়েন্সের ওপর কনফিডেন্স থাকে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিজেদের মেরুদণ্ড বুঝিয়ে দিয়ে রাজনীতির চাকরি ছেড়ে দিয়ে আবার সিনেমায় স্ক্রিনে ফিরুন। প্রত্যেক পেশার নিজস্ব মডেল আছে রাজনীতির মার্কেটের সাথে সিনেমা বা মিডিয়ার মার্কেট কোনওদিন মিলবে না যতবার জোর করে মেলাবেন ততবার এই দুর্দিন আসবে। সবাই তার স্পেশ্যালাইজড পেশায় ফিরে যান”।

‘রাজনীতির চাকরি ছেড়ে দিয়ে আবার সিনেমায় স্ক্রিনে ফিরুন’, ‘প্রজাপতি’ বিতর্কের মাঝেই এবার দেব-মিঠুনকে বার্তা অরিত্রর

বলে রাখি, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘লে ছক্কা’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ এমন অনেক ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন অরিত্র। কিছুদিন আগে দেবের জন্মদিনে তাদের একটি পুরনো ছবি দিয়ে অভিনেতাকে শুভেচ্ছাও জানান অরিত্র। লিখেছিলেন, “আমার সবচেয়ে পছন্দের বড়ে মিয়াঁ তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা”।

অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর সঙ্গেও ছোটো পর্দায় কাজ করেছেন অরিত্র। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এ শিশুশিল্পী হিসেবে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। সেই সময় এই শো-এর বিচারকের আসনে থাকতেন মিঠুন চক্রবর্তী।

RELATED Articles