গিয়েছিলেন কেক আনতে, বাড়ি থেকে বেরিয়েই প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ, স্ত্রী এমন করতেই পারেন না, পুলিশের কাছে দাবী স্বামীর

আত্মীয়-বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিক সেরে কেক নিয়ে বাড়ি ফেরার কথা ছিল গৃহবধূর। তেমনটাই বলে বেরিয়েছিলেন স্বামীকে। কিন্তু ঘরে আর ফিরলেন না তিনি। চারদিন ধরে নিখোঁজ স্ত্রী। প্রেমিকের হাত ধরেই কী ঘর ছাড়লেন তিনি? পুলিশের ধারণা তাই-ই। তবে অপহরণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে, ওই মহিলা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার বাসিন্দা। কোলাঘাটের মিহিটিগড়ির বাসিন্দা এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল তাঁর। ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়ে তাদের মধ্যে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

জানা যাচ্ছে, বছর পাঁচেক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই যুগল। সুখেই সংসার চলছিল দু’জনের। গত ২৩ তারিখ ওই মহিলা নিজের স্বামীকে জানান যে তিনি দাসপুরে মামারবাড়ি যাবেন। সেখানে পিকনিক সেরে কেক নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। সেই মতো বাড়ি থেকে বের হন মহিলা। তাঁর স্বামী চলে যান কাজে।

কিন্তু সেদিন সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেন নি মহিলা। মোবাইলে ফোন করলে তা সুইচ অফ পান তাঁর স্বামী। তা সত্ত্বেও সেই দিনটা অপেক্ষা করেন তিনি স্ত্রীর জন্য। পরের দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর পুলিশের দ্বারস্থ হন স্বামী। পুলিশের প্রাথমিক ধারণা ওই মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সম্ভবত, প্রেমিকের হাত ধরেই ঘর ছেড়েছেন তিনি।

কিন্তু মহিলার স্বামী একথা মানতে নারাজ। তাঁর কথায়, “আমি প্রেম করে বিয়ে করেছিলাম। বিয়ের ২ বছর পর থেকে ওর ফেসবুকও নেই। আমাদের মধ্যে কোনও সমস্যাও ছিল না”।

তাহলে মহিলা গেলেন কোথায়? সেই উত্তর খুঁজছে পুলিশ। কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা জানিয়েছেন, “গৃহবধুর নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি। তদন্তের স্বার্থে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। আশা করা যায় খুব শীঘ্রই এই রহস্যের উন্মোচন হবে”।

RELATED Articles