“মানুষ এখন সুস্থ স্বাভাবিক জিনিস পছন্দ করেনা!” হ্যাঁ, সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমই কিছু মতামত পোষণ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টলিউডের জনপ্রিয় এবং পরিচিত তারকাদের আসল চেহারা সামনে নিয়ে এলেন এই কিংবদন্তী অভিনেতা।
একসময় টলিউডে বহু সিনেমায় কাজ করেছেন তিনি। কখনও পজেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। আবার কখনও নেগেটিভ চরিত্রে ধরা দিয়েছেন রুপোলি পর্দায়। কিন্তু সব চরিত্রই বেশ দক্ষতার সঙ্গে করেছেন অভিনেতা। যে চরিত্রে কাজ করতেন, সেই চরিত্রই বেশ জনপ্রিয় হয়ে উঠত লোকমুখে। এদিন টলিউডের বেশ কিছু কাজে নিজের আপত্তির কথা জানালেন তিনি। গত ১২ বছরে ছবি নেই টলিউডের একসময়ের জনপ্রিয় এই অভিনেতার। কিন্তু কেন? নতুন পরিচালকদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিনেতা? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে বিপ্লব চ্যাটার্জী জানালেন,”আমাকে পছন্দ নয়। নতুন পরিচালকদের সঙ্গে বেশ ভালই যোগাযোগ রয়েছে। নেই এমনটা নয়।”এই প্রসঙ্গে বলতে গিয়েই নিজের সঙ্গে হওয়া ৫-৬ বছর আগের একটি ঘটনা তুলে ধরেন বিপ্লব চ্যাটার্জি। তিনি বলেন,”অনুপ সেনগুপ্তর সঙ্গে ৫-৬ বছর আগে পর্যন্ত বেশ ভালো মাত্রায় কথাবার্তা ছিল। এমনকি আমার বাড়ি যাতায়াত করেছে। কিন্তু এই ৫-৬ বছরে হয়তো মনে হয়েছে আমার আর প্রয়োজন নেই। তাই হয়তো যাতায়াতটাও বন্ধ হয়ে গেছে। কাউকে ছোটো না করে আমি আমার নিজের ভাবনাটা শুধু বলছি।”
অভিনেতার কথায়, “একসময় আমার সঙ্গে রুমা দির মেয়ে সৃজিত মুখার্জির যোগাযোগ করিয়ে দিয়েছিল। মূলত সাহায্যের জন্য। কিন্তু যে কাজটা করার কথা ছিল সেটা পুরোটা হয়নি। যে কোন কারণ বশতই হোক, তা আর হয়ে ওঠেনি। কিন্তু তারপর থেকে সৃজিত আমাকে চেনেনা। আমার বাড়িতে চা, লুচি, আলুভাজা খেয়েছে। অথচ আমাকেই চেনেনা। এরপর এক অনুষ্ঠানে দেখা হলে আমাকে শুধু বলল, ‘রাগ করোনা।’ তাতে হাসলাম। এর থেকে বেশি তো এঁদেরকে কিছু বলা যায় না। এঁরা তো বলার ঊর্ধ্বে।”
ভিডিও: R PLUS News
এদিন সাক্ষাৎকারে তরুণ পরিচালকদের প্রসঙ্গে অভিনেতার ক্ষোভ বাইরে চলে এলো। তবে বারবারই তিনি একটা কথাই বলেছেন, এটা তাঁর নিজস্ব ভাবনা। কাউকে ছোট না করে তিনি নিজস্ব অনুভূতি শেয়ার করেছেন। তবে আজকালকার জনপ্রিয় পরিচালকদের তালিকায় নাম আসে সৃজিত মুখার্জির। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। শেষে কি না তিনিই এরকম অকৃতজ্ঞের মত ব্যবহার করলেন? সাক্ষাৎকারে কিংবদন্তী তারকা বিপ্লব চ্যাটার্জির মুখে পরিচালক সৃজিত মুখার্জির ব্যবহার শুনে হতবাক হয়েছেন সকলে।
এদিন আবার টলিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন অভিনেতা। বুম্বাদার একটি কথাতে আপত্তি তুলেছেন অভিনেতা। জানালেন, “২২শে শ্রাবণ ছবিটির সময় প্রসেনজিৎ বলেছিল গৌতম ঘোষ যে চরিত্রটা করেছে, সেটা আর অন্য কেউ করতে পারত না। ওঁর এই কথাতেই আমার সবথেকে বড় আপত্তি। গৌতম ঘোষ আদতে একজন অভিনেতা নন। তবে হ্যাঁ, তিনি যথেষ্ট ভালো ছবি করেছেন। আমি তাঁকে অসম্মানও করছি না, অপমান করছি না। কিন্তু প্রসেনজিতের এই কথাতে আমার আপত্তি রয়েছে। মনে হয়েছে একটু নিজের দিকে টানতে চাইছিলেন। যদিওবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিছু বলা যাবে না। তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি!”
এদিন সাক্ষাৎকারে তারকা-সহ পরিচালকদের আসল মুখ বাইরে নিয়ে এলেন এই কিংবদন্তী তারকা। তাঁর মতে, এখনকার পরিচালক-প্রযোজকরা মনে করছেন বিপ্লব চ্যাটার্জিকে দিয়ে কোন কাজ হবে না। তাই এখন তাঁকে সেভাবে রুপোলি পর্দায় দেখা যায় না। শেষ কথায় তিনি জানালেন, ‘না মরে, না বেঁচে, টিকে আছি।”





