টলিউডে বিয়ের সানাই বেজেই চলেছে। একের পর এক বিয়ের খবর মিলছে। এবার ফের আরও এক জুটির বিয়ের খবর মিলল। ‘সৌদামিনীর সংসার’-এর লোকু ওরফে নীল চট্টোপাধ্যায় বিয়ে করলেন অভিনেত্রী পৃথা চন্দকে। দুজনেই বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ।
বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন এই নয়া দম্পতি। নিজেদের সম্পর্কের কথা আগেও স্বীকার করেছেন নীল ও পৃথা। নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নীল। ক্যাপশন দিলেন, ‘ম্যাজিক্যাল মুহূর্ত’। সিঁদুরদানের সে ছবি সত্যিই যেন ম্যাজিক্যাল হয়ে উঠেছে ক্যামেরার লেন্সে। তাদের বিয়ের সেই ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের সকলেই তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
এই জুটি যে বিয়ে করছে তা আগের থেকে কেউ টের পাননি। বিয়ের দিন একেবারে সাবেকি সাজেই সেজে উঠেছিলেন পৃথা। লাল বেনারসি ও সোনার গয়নায় বেশ মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। তবে এই করোনা পরিস্থিতির জন্য বিয়েতে কাছের কিছু বন্ধু ও আত্মীয় ছাড়া বিশেষ কেউ উপস্থিত ছিলেন না। তবে তাদের রিসেপশনে উপস্থিত ছিলেন ‘সৌদামিনীর সংসার’-এর গোটা টিম।
এই ধারাবাহিকে লোকুর চরিত্রের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নীল। এছাড়াও, অভিনেতা জিৎ-এর সঙ্গে একটি ছবিতে কাজ করেছেন নীল। এছাড়াও ত্রিনয়নী, নেতাজি, বকুল কথা-সহ আরও অন্যান্য ধারাবাহিকেও কাজ করেছেন নীল।
নতুন বছরেই বিয়ে সেরেছেন সৌরভ-ত্বরিতা, অম্লান-সোহিনীও। পরের মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল-তৃনা, ইমন-নীলাঞ্জন, ওম-মিমির মতো তারকা দম্পতিরা। সব মিলিয়ে ২০২১-এ যেন বিয়ের হিড়িক পড়েছে টলি পাড়ায়।





