‘মহাপীঠ তারাপীঠ’ শেষ, এবার নতুন এক ভূমিকায় ফিরছেন সব্যসাচী, নিজেই সুখবর দিলেন পর্দার ‘সাধক বামাক্ষ্যাপা’

সদ্যই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। এই ধারাবাহিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর নামটাও। এই কারণে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে সব্যসাচীর অনুরাগীদের মন খারাপ। ‘বামাক্ষ্যাপা’কে বড্ড মিস করছেন তারা।

এবার এরই মধ্যে সুখবর দিলেন সব্যসাচী। এবার সম্পূর্ণ এক নতুন রূপে ফিরছেন পর্দার ‘সাধক বামাক্ষ্যাপা’। অভিনেতা সব্যসাচী চৌধুরী এবার ফিরছেন লেখক সব্যসাচী চৌধুরী হয়ে। ২০২২ সালের বইমেলায় প্রকাশ হবে তাঁর লেখা বই ‘দলছুটের কলম’।

সকল অভিনেতাদের স্বপ্ন থাকে পরিচালক বা প্রযোজক হওয়ার। কিন্তু অভিনেতা ও লেখক, এই যুগলবন্দীটা সহজে চোখে পড়ে না। এমন ব্যতিক্রম কেন? সব্যসাচী যে খুব ভালো লেখেন তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সোশ্যাল মিডিয়ায় তাঁর দীর্ঘ পোস্ট নেটিজেনদের যেন চুম্বকের মতো আকৃষ্ট করে রাখে। লেখার প্রতি তাঁর এই ভালোবাসার জন্য এবার নতুন সফর শুরু সব্যসাচীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “লিখতে বড্ড ভালবাসি। আগে লেখা ফেসবুকে পোস্ট করতাম না যদিও, তবে লিখতাম। সেইসব লেখা পড়ে অনেকেই আমাকে লিখতে বলতেন। গত দু’বছর ধরে নিয়মিত ফেসবুকে পোস্ট দেওয়ার পরে সেই আর্জি প্রবল। একাধিক প্রকাশনা সংস্থা যোগাযোগও করেছে। শেষে একটি সংস্থার অনুরোধ ফেলতে পারিনি”।

সূত্রের খবর, সব্যসাচীর প্রকাশিত পোস্ট সংকলিত করেই আপাতত ‘দলছুটের কলম’ বইয়ের আকারে ছেপে বেরোবে। সব্যসাচীর আশা ফেসবুকের বাইরেও মানুষ তাঁর লেখনীর সঙ্গে পরিচিত হবেন। বরাবরই ‘দলছুট’ সব্যসাচী। অনেকেই হয়ত জানেন না, সব্যসাচী ইংল্যান্ডের  অক্সফোর্ড ব্রুক্স থেকে ডার্ক ট্যুরিজমে স্নাতকোত্তর পাশ করেচেন। তবে বিদেশ ছেড়ে নিজের শহরে ফিরে একেবারে অন্য পেশায় নিযুক্ত করেন নিজেকে। অভিনয়ে আসেন সব্যসাচী।

সদ্যই প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে সপরিবারে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন অভিনেতা। তাঁর এই নতুন সফর নিয়ে কী ঐন্দ্রিলার কী প্রতিক্রিয়া? মুচকি হেসে অভিনেতা জানান, “খুশি হয়েছে। বরবারই লেখবার কথা বলত ও। কিন্তু ঐন্দ্রিলা তো বই পড়ে না”।

RELATED Articles