আমাদের টলিউডে প্রতিভার অভাব নেই। তবে ভাগ্যের ফেরে অনেকেই নাম যশ করতে পারেন না। অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রী হারিয়ে যান আবার অনেকে পরে নাম করেন। যেমন অভিনেতা শুভাশিস মুখার্জি। অত্যন্ত পরিচিত এই মুখকে টলিউড শুধু ‘ভাঁড়’ সাজিয়ে রেখেছিল বছরের পর বছর বলে মত সকলের। তবে হারবার্ট সিনেমায় অভিনয় করার পর থেকে সাধারণ মানুষ চিনেছে তার প্রতিভা।
ধারাবাহিকের পাশাপাশি ছবির শ্যুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা। সম্প্রতি সামনে এল অভিনেতার নতুন লুক। যা দেখলে চমকে যাবেন দর্শকেরা। আবরণের পেছনে থাকা মানুষটির খবর আগে থেকে না জানলে বোঝা অসম্ভব। বাদল সরকারের রূপে অভিনেতাকে চেনার সাধ্য নেই। অবিকল বাদল সরকার।
ছবি বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “আমাকে যখন বাপ্পা প্রথম বাদল সরকারের ভূমিকায় অভিনয় করার কথা বলেন, আমি একটু অবাকই হয়েছিলাম। আমার চেহারা, মুখ কোনো কিছুর সঙ্গে বাদল সরকারের কোনও মিল নেই বলেছিলাম ওকে। তখন বাপ্পা জানায়, আমি করে নেব। তারপর লুক টেস্টের পর আমি সত্যিই অবাক হয়েছি নিজেকে দেখে। তবে আমি এই লুকের জন্য কৃতিত্ব দেবো মেকআপ শিল্পী মহম্মদ আলিকে। একসময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের পছন্দেরও মেকআপ শিল্পী ছিলেন মহম্মদ আলি। সৌমিত্রদা পরবর্তীকালে যতই থিয়েটার করেছেন, তার সবেতেই দরকার মহম্মদ আলি মেকআপ শিল্পীকে।” অভিনেতা জানালেন, “সবথেকে বেশি অবাক করার বিষয় হয়েছে, এখানে কোনও প্রস্থেটিক মেকআপ ব্যবহার হয়নি। নিজের শৈল্পিক কলা দিয়ে আমাকে বাদল সরকার করে তুলেছেন মহম্মদ আলি।”
অভিনেতা জানান, “চরিত্রটা বাদল সরকারের মত ব্যক্তিত্বের। এটা চ্যালেঞ্জিং তো বটেই। যিনি কিনা থার্ড থিয়েটার নামক ভিন্নধারার নাটকের প্রবক্তা হিসেবে পরিচিত। বাদল বাবুর সঙ্গে আলাপ না থাকলেও আমি ওনাকে খুব সামনে থেকে দেখেছি। স্কটিশ চার্চ কলেজের ছাত্র হওয়ার সুবাদে উনার নাটক দেখার সুযোগ হয়েছে। স্কুলের নিচে বিশাল হলঘরে উনি নাটক করাতে আসতেন। সেখানে আমি ওঁর মিছিল, বোমা-র মত নাটক দেখে মুগ্ধ হয়েছি। তখন থার্ড থিয়েটার ফর্মটার বিষয় জানতামও না। পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় ওঁর নাটক দেখেছি। ওঁর চালচলন, হাবভাব সবই সামনে থেকে দেখা। যেগুলো আমার এখন কাজে লাগছে।”

বাদল সরকারের চরিত্রকে ভালোভাবে পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর বেশ কিছু বই ও সাক্ষাৎকারে নজর দিয়েছেন অভিনেতা। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ছবিতে ‘বাকি ইতিহাস’কে তুলে ধরা হয়েছে। এই ছবিতে শুভাশিস মুখোপাধ্যায় ছাড়াও দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বাসব দত্তা চট্টোপাধ্যায়, সন্দীপ মন্ডল, লামা হালদার, রজত গঙ্গোপাধ্যায়কে। আগামী মাসেই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা চলছে ‘শহরের উপকথা’র। বাদল সরকারের ভূমিকায় অভিনেতাকে দেখতে অপেক্ষায় দর্শকবৃন্দ। এরকম চ্যালেঞ্জিং একটা চরিত্র কিভাবে তিনি পর্দায় ফুটিয়ে তোলেন, তা দেখতে আগ্রহী সকলে।





