চলতি বছর যে কত মারাত্মক তা এক কথায় প্রকাশ করা যাবে না। একে একে চলে যাচ্ছেন বিখ্যাত মানুষরা। এবার আবার এক কৃতী ব্যক্তিত্বকে হারাল বাংলা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত গায়ক পিলু ভট্টাচার্য।
সূত্র থেকে জানা গিয়েছে, বেশ অনেকদিন ধরেই বুকে ব্যথা করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিলু ভট্টাচার্য। এরপরই বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর বুকে ব্যথা ওঠে। ফের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলেও শেষ-মেষ বাঁচানো যায়নি শিল্পীকে। হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এদিন পিলু ভট্টাচার্যের পুত্র ঋতর্ষি ভট্টাচার্য্য নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’।
একাধারে সঙ্গীত এবং রাজনৈতিক মহলে খুবই পরিচিত ছিলেন এই বামপন্থী শিল্পী। ২০০৭ সালে তাঁর তৈরি ‘রাধামাধব’ বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছে। এরপর তাঁর তৈরি জলছবি, বৃষ্টি পড়ে, এমন ছিল না কথা, চল যাই, কান্দিয়া আকুল-এর মতো একাধিক হিট গান বাংলার মানুষ পেয়েছেন। খেলাধুলাতেও বেশ আগ্রহ ছিল তাঁর। যার কারণে ২০১৯-এ টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন।
রাজনীতিতে একটা সময় সিপিএমের সমর্থন করে গিয়েছেন তিনি। সিপিএমের সভায় প্রচুর গানও গেয়েছেন। এখন তাঁর চলে যাওয়ায় স্তব্ধ শিল্পমহল-সহ রাজনৈতিক মহলও। হঠাৎই তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই।





