২০ দিনের লড়াই শেষ! মৃত্যুর কাছে হার ঐন্দ্রিলার, মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী, শোকস্তব্ধ সকলে

দু’বার মারণরোগকে হারিয়ে ছন্দে ফিরেছিলেন। কিন্তু শেষে ব্রেন স্ট্রোক ও পরে হার্ট অ্যাটাকের কাছে হার মানতে হল। ২০ দিনের লড়াই শেষ ঐন্দ্রিলা শর্মার। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর পরিবার ও অনুরাগীদের মনে ক্ষীণ আশা জন্মেছিল যে ঠিক হয়ত মৃত্যুকে হারিয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা। কিন্তু তা আর হল না। সব লড়াই শেষ। মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী।

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু পয়লা নভেম্বর দিনটা সবকিছু ওলটপালট করে দিল। সেদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। সেদিন রাতেই অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকেই কোমায় ছিলেন তিনি। ধীরে ধীরে হয়ত সুস্থও হয়ে উঠতেন। কিন্তু এরপর ছোবল বসায় একের পর এক হার্ট অ্যাটাক। গতকাল রাতেই পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার।

এই পুরো সময়টা তাঁর পাশে থেকে লড়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ফেসবুকে তিনি লিখেছিলেন, “মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না” কিন্তু সুস্থ করে ঐন্দ্রিলাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হল না। ঐন্দ্রিলার মৃত্যুর খবরে শোকের ছায়া টলিপাড়া জুড়ে। তাঁর অনুরাগীরাও যেন কিছুতেই তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না।

আরও অন্যান্য খবর