টলিউডে একের পর তারকা শিকার হচ্ছেন করোনাতে। এবার করোনার নতুন শিকার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জানা গিয়েছে, তার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
কয়েকদিন ধরেই জ্বর ছিল অভিনেত্রী, সঙ্গে শারীরিক দুর্বলতা। শরীর বেশী খারাপ হওয়াতেই কোভিড পরীক্ষার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। রিপোর্ট আসতেই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন তিনি ও তার পরিবার। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।
সপ্তমীর দিন সকালেই সকলের মন ভালো করতে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হন সকলের প্রিয় অপাদি। মন ভালো করা গান গেয়ে ভরিয়ে তুলেছিলেন সপ্তমীর সকাল। ভক্তদের সপ্তমীর শুভেচ্ছা বার্তাও জানান তিনি। তার গলায় ঠাকুরের গান শুনে আপ্লুত হন নেটিজেনরা। তার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে তার দ্রুত সুস্থতার কামনা করেছেন অপরাজিতার ভক্তমহল।
আর একদিন পরেই কোজাগরী লক্ষ্মী পুজো। এই দিনে নিজের হাতে সব জোগাড় করে হই হুল্লোড় করে নিজের বাড়িতে লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এই বছর করোনার থাবায় সেই সবই বাদ পড়বে।
প্রসঙ্গত, টলিউডে একের পর তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক থেকে শুরু করে সোহম, রাজ চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায় সকলেই এই অতিমারির শিকার। সৌমিত্রবাবু এখনও বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও অন্যান্য শারীরিক অসুস্থতার দরুন বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।





