গুনধর! তাড়ার চোটে ঘুমন্ত শিশুকে ট্যাক্সি থেকে নামাতেই ভুলে গেলো বাবা-মা, ফেরৎ পাঠালো চালক

টাকা, গয়না ভর্তি ব্যাগ অনেকবারই অনেকেই ট্যাক্সিতে ফেলে এসেছেন। উদ্ধার করে মালিকের হাতে তা তুলে দিয়ে বেশ কয়েকবারই তিলোত্তমার বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাক্সিচালকেরা।  আর এবার আনুষঙ্গিক জিনিস নয় জলজ্যান্ত একটা বাচ্চাকে ট্যাক্সিতে ফেলে রেখে চলে এলো বাবা-মা। আর এবার তাকেও ফিরিয়ে দিয়ে গেল ট্যাক্সিচালক (taxi driver)।

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে আলমবাজার (Alam Bazar) এলাকায়। একাদশীর দিন অর্থাৎ গতকাল সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। ক্লান্তি বশত ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়ে শিশুটি। এরপর ট্যাক্সি গন্তব্যে পৌঁছলে বেআক্কেলে বাবা-মা তাড়ার চোটে ঘুমন্ত শিশুটিকে না নামিয়েই চলে যান।

এরপর ট্যাক্সিচালকও চলে যান গাড়ি নিয়ে। খানিক দূর যাওয়ার পর তিনি হঠাৎই খেয়াল করেন পিছনে বাচ্চাটি রয়ে গেছে। তৎক্ষনাৎ NSCBI ট্রাফিক গার্ড পুলিশে বিস্তারে ঘটনাটি জানান ওই ট্যাক্সি চালক। এরপর ওই ট্যাক্সি চালকের সাহায্য নিয়েই বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘটনার কথা জানিয়েছে বিধাননগর পুলিস। ইতিমধ্যেই ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করছেন। কিভাবে বাবা মা শিশুকে ট্যাক্সিতে ফেলে রেখে চলে যেতে পারেন? নামার সময় কিভাবে একবারও মনে পড়েনি শিশুটির কথা? এটাই বুঝে উঠতে পারছেনা পুলিশ থেকে শুরু করে আমজনতা।

RELATED Articles