‘কচি পাঠার দাম ৪৫০ টাকা’, ‘দাদাগিরি’র মঞ্চে মাংসের সঠিক দাম বলতে পারলেন না সৌরভ, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। এই শো-য়ের জনপ্রিয়তার মূল কারণ যে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। নানান খেলার সঙ্গে সঙ্গে এই শো-য়ে নানান ধরণের আড্ডা-মজাও হয়।

গত সপ্তাহে এই শো-য়ে বিশেষ অতিথি হয়ে খেলতে এসেছিলেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকাররা। এদিনের এই শো-তে সঠিক বাজারমূল্য বলে একদিকে যেমন মন জিতলেন দাদা ওরফে সৌরভ, তেমনই আবার তাঁকে নিয়ে উঠল হাসির রোলও।

আসলে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘অনুসন্ধান’-এ অভিনয় করছেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকাররা। এদিন এই ছবির প্রোমোশনেই ‘দাদাগিরি’-তে আসেন তারা। ছবির প্রচারের সঙ্গে সঙ্গে হল নানান গল্পও।

এদিন দাদা তো প্রতিযোগীদের প্রশ্ন করেইছেন। কিন্তু প্রতিযোগীরাও আবার দাদার জন্য প্রশ্নের ঝুলি সাজিয়ে নিয়ে এসেছিলেন। দাদা বাজারদর সম্পর্কে কতটা ওয়াকিবহাল, তিনি কী আদৌ বাজারের নানান সবজি বা অন্যান্য জিনিসের দাম জানেন, এ নিয়েই একটা মজার খেলা খেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে একা সংসার করেন। তাই বাজারদর সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন। এদিন প্রিয়াঙ্কা সৌরভের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন যে বাজারে বর্তমানে আলু, পেঁয়াজ, কাতলা মাছ, এসবের দাম কত। এরপরই প্রিয়াঙ্কার প্রশ্ন, “পাঠার মাংসের দাম কত”?

উত্তরে দাদা জিজ্ঞাসা করেন, “রেওয়াজি না কচি পাঠা”? এরপর কচি পাঠার দাম বলতে গিয়ে সৌরভ বলেন ৪৫০ টাকা। এখানেই একটু ভুল করে ফেলেছেন দাদা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের দাবী, বাকি সব জিনিসের মূল্য নির্ভুলভাবে বললেও, কচি পাঠার দামটা কিন্তু ঠিক হল না। কচি পাঠার দাম ৪৫০ টাকা তো অন্তত নয়।

RELATED Articles