অতিমারির ভয় কাটাতে নিজের পছন্দের কাজ করুন, যা মনকে ভালো রাখবে, পরামর্শ অভিনেত্রী-মনোবিদ সন্দীপ্তার

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ তথা রাজ্য। লকডাউনের মধ্যে ঘোরে বসেও মানুষের মধ্যে সেই একই ভাবনা চলছে। অতিমারির আতঙ্ক জেন জাঁকিয়ে বসেছে মানুষের মনে। কিন্তু এর মধ্যেও কীভাবে নিজের মনকে ভালো রাখবেন, তা জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বললেন রাজাবাজার সায়েন্স কলেজ থেকে মনোবিদ্যা নিয়ে স্নাতকোত্তর করা অভিনেত্রী। অভিনেত্রীর কথায় সকলকে জোর করে মন ভাল রাখতে হবে। মানুষের ভয়,  এই বুঝি কিছু হল।এমন ভাবনাচিন্তা থেকে সরে আসতে হবে। এই সুযোগে নিজেদের ভাল রাখার জিনিসগুলো ঝালিয়ে নিতে বলছেন সন্দীপ্তা। সকলের সঙ্গে সেগুলো ভাগ করার কথাও বলেছেন তিনি। সন্দীপ্তার কথায়, “আপনার যদি ডালগোনা কফি তৈরি করতে ইচ্ছা হয় তা হলে তাই করুন। ফেসবুকে সকলের সঙ্গে সেটা ভাগ করে নিন। এই মুহূর্তে নেটমাধ্যমে চারদিকে আমরা অক্সিজেন, ওষুধ, হাসপাতালে শয্যার সাহায্য চেয়ে নানা পোস্ট দেখি। সেটা নিশ্চয়ই একটা ভাল দিক। তবে একটু অন্য ধরণের পোস্টও মানুষের মন ভাল রাখতে সাহায্য করবে”।

মন ভালো রাখতে কী কী করতে হবে, সেই উপায়ও বাতলেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য-

খুব ভয় করতে শুরু করলে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা যোগব্যায়াম করতে পারেন।

সাবধানতা অবলম্বন করুন। কিন্তু অকারণে ঘাবড়ে যাবেন না। এতে প্রতিরোধ ক্ষমতা আরও কমে যাবে।

পুরনো অভ্যাসগুলি ঝালিয়ে নিন। নাচ, গান, ছবি আঁকা, রান্না — যা-ই করতে ভালবাসেন, এই অবসরকে কাজের লাগিয়ে সেগুলি আবার শুরু করুন।

বাড়িতে থাকলেও ডায়েট ঠিক রাখতে হবে।

খবরের চ্যানেল কম দেখুন। নেতিবাচক খবর, পোস্ট এড়িয়ে চলুন। ভাল ভাল ছবি দেখুন, ওয়েব সিরিজ দেখার অভ্যাস গড়ে তুলুন।

পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটান। গল্প করুন।

ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে ফোন বা ভিডিয়ো কল করে কথা বলুন। তাতে মন সতেজ থাকবে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু আরামদায়ক গান শুনে নিতে পারেন। তাতে ঘুম ভাল আসে।

দিনে কিছুটা সময় নিজেকে দিন। নিজের যত্ন নিন। নিজের সঙ্গে নিজে কথা বলুন। নিজেকে বোঝান সব ঠিক আছে।

এখন লকডাউনের মধ্যে মা-বাবার সঙ্গে বাড়িতেই রয়েছেন সন্দীপ্তা। সারাদিন একসঙ্গে কাটালেও দিনের একটা সময় তারা নিজেদের মতো করে সময় কাটান। এই সময় নিজেদের মধ্যে বোঝাপড়া করার জন্য নিজেদের আলাদা সময় দেওয়া খুব জরুরি বলে মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুন- সোনু সুদের নামে জমা পড়া হাজার হাজার টাকা যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে, তড়িঘড়ি সতর্ক করলেন অভিনেতা

এই সময়টা সন্দীপ্তা কাটাচ্ছেন নিজের পছন্দের কাজ করে। পড়াশোনা করছেন, বা চলছে তাঁর নাচের চর্চাও। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁর একাধিক নাচের ভিডিও চোখে পড়ছে। মানুষের ও নিজের মন ভালো রাখতেই এই পন্থা বেছে নিয়েছেন তিনি। সন্দীপ্তার দৃঢ় বিশ্বাস অতিমারির এই অন্ধকার কেটে একদিন সকাল আসবেই।

RELATED Articles