টলিপাড়ায় বেশ পরিচিত সায়ন্তিকা। একাধিক ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা। সাফল্য আসেনি তেমনভাবেই। রাজনীতিতেও সফল হতে পারেননি তেমনভাবে। ফলে বিয়ে করে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনার মাঝে মুখ খুললেন অভিনেত্রী। তিনি নিজেই লম্বা একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
অভিনেত্রী লেখেন, “হ্যালো, আমার মিডিয়ার সব বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আমার দয়া করে বিয়ে নিয়ে কোনও ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকুন। এই ধরনের খবরে কোনও সত্যতা নেই। আমি এটা বলব যে, এরকম কিছু হলে আমিই নিজেই সবাইকে খুব খুশি হয়ে জানাব।”
সায়ন্তিকা আরও বলেন, “সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচনার মতো নানা বিষয় আছে। আমি মিডিয়া পোর্টালগুলোর কাছে অনুরোধ করব, সেগুলোতে জোড় দিন। এই ধরনের খবর ছড়ানো বাদ দিয়ে।”
কয়েক মাস আগেই বাংলাদেশের নায়ক জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার ঘনিষ্ঠতার খবর উঠে এসেছিল। দুই বাংলাতেই সেই খবর হয়। সায়ন্তিকা বিয়ের খবর উড়িয়ে এর আগে জানিয়েছিলেন, “তাঁর মন পড়ে আছে বাঁকুড়াতেই। তাই নিজের জন্য পাত্র খোঁজার মতোও সময় নেই। তাঁর মা-বাবাও চান না, তাঁদের মেয়ে বসুক বিয়ের পিঁড়িতে।”
লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় সায়ন্তিকার মনে যে ক্ষোভ আছে, তা স্পষ্ট হয়েছে তার বক্তব্যেই। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “ভালোবাসা থাকলে অভিমান থাকবে। একটা বিধানসভায় হেরে সাতটি বিধানসভা মিলিয়ে লোকসভা নির্বাচনে জিতে দেখাতে চেয়েছিলাম। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নিতে দেওয়া হল না।”
আপাতত বিয়ের কোনও প্ল্যানিং নেই তাঁর, সেই কথাটাই সকলের কাছে পৌঁছে দিতে সমাজমাধ্যমকে বেছে নিলেন অভিনেত্রী। সায়ন্তিকা তাঁর ইনস্টায় বিয়ে নিয়ে একটা লম্বা পোস্ট শেয়ার করেন। সায়ন্তিকা তাঁর ফিল্মি কেরিয়ারে জিৎ, দেব, অঙ্কুশের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন। বহু বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন সায়ন্তিকা।
কাজের সূত্রে, ২০২২ সালে সেভিংস অ্যাকাউন্টে সিনেমাতে শেষ দেখা গিয়েছে সায়ন্তিকাকে। সেই ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।





