‘চোখের বালি’-র বিনোদিনীর চরিত্রে তুখোড় অভিনয়, জনপ্রিয়তা পেয়েও কেন রূপোলী জগত থেকে দূরে? কেমন আছেন তানিয়া গঙ্গোপাধ্যায়?

‘চোখের বালি’ ধারাবাহিকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তানিয়া গঙ্গোপাধ্যায় (Tania Gangopadhyay)। অল্প সময়ের মধ্যেই তিনি ছোট পর্দায় কয়েকটি ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে হঠাৎই অভিনয় জগৎ থেকে দূরে সরে যান তানিয়া। রুপোলি দুনিয়া থেকে সরে গিয়ে কেমন আছেন তানিয়া (Tania Gangopadhyay) জানালেন সাক্ষাৎকারে।

২০১৯ সালে ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে তাঁর শেষ কাজের পর তানিয়া (Tania Gangopadhyay) অভিনয় থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, “এই ধারাবাহিকের পরেই আমার বিয়ে হয়। স্বামীর কর্মস্থল দূরে হওয়ায় টলিপাড়ায় অভিনয় করা সম্ভব হয়নি। তবে বিয়ের পর একটি ধারাবাহিকের একটি পর্বে কাজ করেছি, কারণ আমার এক বন্ধু জোর করেছিলেন।”

তানিয়া (Tania Gangopadhyay) কাজের জন্য কোনো চেষ্টা করেননি তা নয়। বিয়ের কিছুদিন পরেই ধারাবাহিকে ফিরে আসার ইচ্ছা ছিল তার। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগও করেছিলেন। তানিয়া (Tania Gangopadhyay) বলেন, “স্নেহাশিসদাকে অনুরোধ করায়, তিনি আমাকে একটি ভাল চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কাজটা করতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় আমার ‘এক্টোপিক প্রেগন্যান্সি’ ধরা পড়ে। আমার স্বামী বললেন, একেবারে সুস্থ হয়ে কাজে যোগ দিতে। এর পরে ২০২৩ সালে আমি অন্তঃসত্ত্বা হই এবং ২০২৪-এর মার্চে মা হই।”

তানিয়া (Tania Gangopadhyay) আবার কাজে ফিরতে চাইছেন। তিনি বলেন, “ছেলের অন্নপ্রাশন পর্ব শেষ হলে আমাকে ‘ফ্যাট’ থেকে ‘ফিট’ হতে হবে। তার পরেই কাজে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে। আমি চাইনি বারবার কাজে যোগ দেব আর ফিরে আসব।”

গত পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে সংসারে মন দিয়েছেন তানিয়া (Tania Gangopadhyay)। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কাজ ছেড়ে দেওয়ার সাহস কীভাবে পেলেন? এই প্রশ্নের উত্তরে ‘চোখের বালি’র বিনোদিনী বলেন, “আমি আসলে ভালবাসায় বিশ্বাসী। আমায় কোনও ছেলে খুব পাত্তা দিচ্ছে, এ সব আমার খুব একটা পছন্দ ছিল না। বরং আমার নিজের কাকে ভাল লাগছে সেটা আমার কাছে গুরুত্ব পেয়েছে। আমার স্বামীকে আমি প্রথম ফেসবুকে দেখি। আমি নিজেই পরিচয় করেছিলাম। ওর সঙ্গে কথা বলেই মনে হয়েছিল এর জন্য কাজ থেকে বিরতি নেওয়া যায়। আমাদের আলাপের এক বছরের মধ্যেই বিয়ে হয়। যদিও প্রথম সাত মাস দেখাই হয়নি। ও সবসময়ে বলেছে, তুমি পরে সবটা সামলে নিতে পারবে। আমরা দু’জনই এখন চাইছি যাতে ফের কাজে যোগ দিতে পারি। ও সবসময় সাহস দিয়েছে। আমি বিরতি নিলেও যে কাজে আবার ফিরতে পারব সেই বিশ্বাস ও-ই জুগিয়েছিল।”

তানিয়ার (Tania Gangopadhyay) স্বামী পেশায় পুলিশ আধিকারিক। বর্তমানে তারা বর্ধমানে রয়েছেন। তবে খুব শীঘ্রই সব গুছিয়ে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে। ছেলেকে কলকাতাতেই বড় করতে চান তানিয়া। তিনি বলেন, “এই কদিন ক্যামেরা, শুটিং ফ্লোর— সবই খুব মনে পড়েছে। এখনও ‘চোখের বালি’র কিছু সংলাপ মুখস্থ রয়েছে। তবে আমি খুব আশাবাদী। সংসারেও আমার প্রয়োজন রয়েছে। তবে কাজটা করতে পারলে, আবার ফিরতে পারব। চেহারাটা একটু ঠিক হলেই আশা করছি ২০২৪-এর শেষ অথবা ২০২৫-এর শুরুতে আবার কাজে ফিরব।”

RELATED Articles