নতুন সাফল্য পেলেন জুন আন্টি। অভিনেত্রী উষসী চক্রবর্তী অর্জন করলেন ডক্টরাল ডিগ্রী। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানালেন অভিনেত্রী। হাতে সার্টিফিকেট নিয়ে ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় উষসী জানালেন, একজন অভিনেত্রী এবার ডক্টর হয়ে উঠলেন। অবশেষে ডক্টরেট ডিগ্রী পেলেন তিনি। তিনি বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে।
অভিনেত্রী জানান যে তাঁর বাবা তাঁকে পিএইচডি করার জন্য ভীষণ জোর দিতেন। আর কাকতালীয়ভাবে বাবার মৃত্যুবার্ষিকীর দিনই এই ডক্টরেট ডিগ্রী পান তিনি। অভিনেত্রী জানান যে তিনি কোনও দৈবযোগে বিশ্বাস করেন না। তাই এই ঘটনাকে বাস্তবতা বলেই ধরে নিয়েছেন তিনি।
গত বছর ৬ই আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামল চক্রবর্তীর। উষসী বলেন, থিসিস জমা দেওয়ার জন্য তাঁর বাবা শ্যামল চক্রবর্তী তাঁকে বারবার বলতেন। যদিও তাঁর এই কৃতিত্ব তাঁর বাবা দেখে যেতে পারলেন না বলে বেশ আক্ষেপ করেন অভিনেত্রী। এই ডক্টরাল ডিগ্রী অর্জন করার জন্য তাঁর গাইড অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, “এবার আমায় ডক্টর বলতে পারবেন। তবে আমাকে উষসী বলে ডাকলেই বেশি খুশি হব। আমি একজন অভিনেত্রী, পারফর্মার ও বিনোদনদাতা। সেটাই আমার প্রাথমিক পরিচয়”।





