কয়েকদিন আগেও নেহা কক্করকে জড়িয়ে অনেক কথা শোনা গিয়েছিল তার নামে। আদিত্য নারায়ণ ও নেহা কক্কর নাকি প্রেম করছেন, তাদের বিয়েও ঠিক হয়ে গেছে। এমনকি, আদিত্য নারায়ণের বাবা গায়ক উদিত নারায়ণও নাকি নেহাকে পুত্রবধূ বলে মেনে নিয়েছেন। এমন খবরকে উস্কানি দিয়েছিলেন নেহা ও আদিত্য দু’জনেই। তবে পরে তারা জানান যে, এসবই মিথ্যে প্রচার। আসলে তাদের নতুন মিউজিক ভিডিও প্রচারে আনার জন্য এই মিথ্যে খবর রটিয়েছিলেন তারা।
কিন্তু এখন শোনা যাচ্ছে, আদিত্য নারায়ণ নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে সারবেন তিনি। পাত্রী আর কেউ নন, তার দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়াল। দীর্ঘ ১১ বছর প্রেম করার পর এবার সেই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন তারা। তবে গত ১১ বছরে তাদের প্রেমকাহিনীর কথা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। পাত্রপাত্রী যখন রাজী, তখন পরিবারের তরফ থেকেও বিয়ে নিয়ে তোরজোড় শুরু হয়েছে।
সম্প্রতি বান্ধবী শ্বেতাকে প্রকাশ্যে আনলেন আদিত্য। ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে বিয়ের খবর জানান আদিত্য। শ্বেতার সঙ্গে আদিত্য তার প্রথম ছবি ‘শাপিত’-এ একসঙ্গে কাজ করেছিলেন। তখন থেকেই তাদের প্রেমপর্ব শুরু। শ্বেতাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন আদিত্য।
নিজেদের সম্পর্কের কথাই হোক বা বিয়ে, সবই ব্যক্তিগত মোড়কে মোড়া। বিয়ের আগে সম্প্রতিই তাদের রোকার অনুষ্ঠানও সম্পন্ন হয়। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন উদিত পুত্র। এদিন আদিত্যের পরনে ছিল পাঞ্জাবী ও গোলাপি সালোয়ার সুট পড়েছিলেন শ্বেতা। ঘরোয়াভাবেই পালন হয়েছে এই অনুষ্ঠান।
রোকার মতো তাদের বিয়েও হতে চলেছে আড়ম্বরহীন। আদিত্য ও শ্বেতা দুজনেই কোনও ‘বিগ ফ্যাট ওয়েডিং’ চান না। তাই কোনও হোটেল বা প্যালেসে নয়, মন্দিরেই তারা গাঁটছড়া বাঁধবেন বলে জানা গিয়েছে। বিয়েতে দুই পরিবারের লোকজন ছাড়া উপস্থিত থাকবেন নিকট কিছু বন্ধুবান্ধব। তবে রিসেপশন পার্টিটা বেশ বড় করে করার ইচ্ছা রয়েছে আদিত্যর। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব নয়। তাই পরিস্থিতি একটু ভালো হলেই এই রিসেপশনের অনুষ্ঠান নিয়ে ভাববেন তারা, এমনটাই জানা গিয়েছে। এদিকে, গত মাসেই রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নেহা কক্কর।





