আর মাত্র কিছুদিন পরেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। সংসার বাড়বে, তার সঙ্গে বাড়বে খরচও। তার বিয়ে যখন সোশ্যাল মিডিয়া ও বলিউডের অন্দরে চর্চা শুরু হয়েছে, ঠিক এমন সময়েই নিজের আর্থিক সংকট নিয়ে বোমা ফাটালেন উদিত নারায়ণ-পুত্র আদিত্য নারায়ণ।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিত্য জানান এই বর্তমান করোনা পরিস্থিতিতে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। লকডাউনের জেরে বন্ধ হয়েছে রোজগারের রাস্তা, ফলে হাতে সেভাবে কোনও কাজ না থাকায় বেশ আর্থিক মন্দার মুখই দেখছেন গায়ক। তার কথায়, তিনি মিউচুয়াল ফান্ডে যে টাকা সঞ্চয় করে রেখেছিলেন, তার সবটাই অরায় শেষের পথে। তার অ্যাকাউন্টে মাত্র ১৮ হাজার টাকা পড়ে আছে বলে জানান আদিত্য। এরপর অক্টোবর মাসের পর থেকে কোনও কাজ শুরু না করলে যে তার আর্থিক অবস্থার কি পরিস্থিতি হতে চলেছে, তা কল্পনা করতে পারছেন না তিনি। বেশ দুঃখের সঙ্গেই তিনি জানান, “লকডাউনের জেরে আর বেশিদিন কাজ বন্ধ থাকলে, এরপর নিজের বাইক বা অন্যকিছু বিক্রি করতে বাধ্য হব”।
বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে কাজ খুইয়েছেন বহু মানুষ। সাধারণ মানুষের জীবন প্রায় তছনছ হয়ে গেছে। খাবারের অভাবে, রোজগারের অভাবে প্রাণও হারিয়েছেন অনেকে। এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে সত্যিই খিদের তাড়নায় মানুষকে শেষ হয়ে যেতে হবে, এমনটাই আশঙ্কা করছেন আদিত্য। তিনি বলেন, কঠিন পরিস্থিতির বশবর্তী হয়েই মানুষ চরম কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু তার পরেও মানুষ তার সম্বন্ধে মন্তব্য করতে পিছপা হন না। কিন্তু একটা মানুষ কতটা অসহায় ও কঠিন পরিস্থিতির মুখে পড়লে তবে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, তা সবার আগে ভেবে দেখা উচিত বলে মনে করেন আদিত্যও।
চলতি বছরেই শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আদিত্য। আদিত্য ও শ্বেতা একসঙ্গে ‘শাপিত’ নামক হিন্দি কাজ করেছেন। এটিই ছিল আদিত্যের প্রথম ছবি। সেই সময় থেকেই দুজনের সম্পর্ক। এবার ১০ বছর পর সেই সম্পর্ককে নাম দিতে চলেছেন আদিত্য-শ্বেতা।





