তারকারা কখনও রুপোলি পর্দায় জ্বলজ্বলে আলোয় থাকেন, তো কখনও ব্যক্তিগত জীবনের অন্ধকারে হারিয়ে যান। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ে নজর, বাড়ে প্রশ্ন। বলিউডের এক সময়ের পরিচিত মুখ, বিতর্কিত ‘বিগ বস’ খ্যাত এজাজ খানের জীবন যেন তার প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় ‘নেটপ্রভাবী’ হিসেবে পরিচিত এই অভিনেতাকে ঘিরে ফের শোরগোল।
মাদককাণ্ড থেকে শুরু করে বিতর্কিত ওয়েব শো— বিগত কয়েক বছরে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার যেন সব কিছুকে ছাপিয়ে গেল এক নতুন অভিযোগ! এক অভিনেত্রীর করা ধর্ষণের অভিযোগে ফুঁসে উঠেছে বলিপাড়া। অথচ এই ঘটনা সামনে আসতেই আচমকাই গা ঢাকা দিয়েছেন এজাজ খান।
জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের চারখোপ থানায় এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন এক তরুণী অভিনেত্রী। ওই অভিনেত্রীর দাবি, গত ২৫ মার্চ তিনি যখন একা ছিলেন, তখন এজাজ তাঁর বাড়িতে আসেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর একাধিকবার এই সম্পর্ক চললেও, বিয়ের কথা তুলতেই পিছিয়ে যান এজাজ। তখনই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন অভিযোগকারিণী।
সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এজাজের ফোন বন্ধ, বাড়িতেও পাওয়া যায়নি তাঁকে। এই মুহূর্তে কার্যত ‘পলাতক’ বলেই মনে করছে প্রশাসন। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৪(২)(এম), ৬৯ এবং ৭৪ ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ India-Pak Tension : পাকিস্তানের দাবিতে বৈঠক, ভারতের দিকে অভিযোগের বন্যা! তবু কেন চুপ রাষ্ট্রদূতেরা?
তবে শুধু ধর্ষণের অভিযোগেই নয়, সমান্তরালে আরও একটি বিতর্কে জড়িয়েছেন এজাজ। তাঁর ‘হাউস অ্যারেস্ট’ নামক বিতর্কিত ওয়েব শো ঘিরে উঠেছে প্রবল আপত্তি। অভিযোগ, যৌনরসে ভরপুর এই শো’য়ে প্রতিযোগী জুটিদের ‘সেক্স পজিশন’ প্রদর্শন করতে হয় ক্যামেরার সামনে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রতিবাদে মুখর হয়েছে শিবসেনা (উদ্ধব শিবির) ও বজরং দল। তাঁদের তরফেও এজাজের বিরুদ্ধে পৃথকভাবে এফআইআর দায়ের করা হয়েছে। ফলত, উল্লু অ্যাপ থেকেও ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ওই শো। এখন দেখার, একাধিক গুরুতর অভিযোগের মুখে পড়ে প্রকাশ্যে এসে এজাজ খান কী জবাব দেন, নাকি এবারও তিনি থেকে যাবেন পর্দার আড়ালে।





