ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে ‘বিগ বস’। আর বিগ বস মানেই নানান বিতর্ক। তবে এই সিজনে প্রথম থেকেই শমিতা শেট্টি এমনিতেই বেশ চর্চার মধ্যে রয়েছেন। কারণটা বেশ স্বাভাবিক। পর্ণকাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই শিল্পা শেট্টির পরিবার খবরের শিরোনামে রয়েছে।
এই বিষয় নিয়ে বিগ বসের ঘরেও মাঝেমধ্যেই খোঁচা খেতে হচ্ছে শমিতাকে। এবার অক্ষরা সিং শমিতাকে তাঁর বয়স নিয়ে কটাক্ষ করলেন। তিনি এও উপদেশ দেন যাতে শমিতা নিজের ‘হাই ফাই অ্যাটিটিউট’ নিজের কাছেই রাখেন। এও বলেন যে শমিতার বয়স নাকি তাঁর মায়ের বয়সের সমান।
শমিতাকে ‘মাসি’ বলে সম্বোধন করতেও শোনা যায় অক্ষরাকে। উরফি জাভেদের সঙ্গে আলোচনার সময় অক্ষরা বলেই দেন যে শমিতা এত বছর ধরে কাজ করার পরও যে তাঁর বয়স ৪২ বছর, তা তিনি মানতে নারাজ। এই সময়ই তাঁকে মাসি বলে সম্বোধন করতে শোনা যায় অক্ষরাকে।
এই বিষয় নিয়ে অক্ষরা ও উরফি বেশ হাসাহাসিও করেন। ভোজপুরি সিনেমার বেশ পরিচিত মুখ হলেন বছর ২৭-এর এই অক্ষরা সিং। শমিতার সঙ্গে তাঁর বয়সের পার্থক্য যদিও মাত্র ১৫ বছরের।
উরফি বলেন, “নিজের সিজনে তো তিনি হেরে গিয়েছিলেন”। আসলে, বিগ বস সিজন থ্রি-তে অংশ নিয়েছিলেন শমিতা। কিন্তু মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি। দিদি শিল্পা শেট্টির বিয়ের কারণে তাঁকে শো ছেড়ে দিতে হয়।
তবে এই সিজনেও তিনি বারবার নজর কেড়েছেন। এর আগে তাঁর খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করায় অক্ষরার উপর চটে যান শমিতা। অন্যান্য প্রতিযোগীদের শমিতা সচেতন করে দেন যে গ্লুটেন ফ্রি খাদ্য সামগ্রীতে কেউ যেন হাত না দেয়, কারণ সেই খাবার তাঁর ও নেহা ভসিনের জন্য পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে অক্ষরা বলেন, “চার লাইন ইংরাজি বলে নিজেকে বিশাল কিছু একটা ভাবে (শমিতা)… এখানে ইংরাজি বলে লাভ নেই, হিন্দিটাই আসল”।





