উত্তরাখণ্ডের জঙ্গল থেকে উদ্ধার করা হল দুই মাথা বিশিষ্ট একটি বিরল কোবরা। দেরাদুন জেলার কলসি বন বিভাগের বনকর্মীরা এই বিরল প্রজাতির সাপটিকে উদ্ধার করেন। গত বৃহস্পতিবার জেলার বিকাশ নগর এলাকার একটি শিল্প ইউনিট চত্বর থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়।
উত্তরাখণ্ড বন বিভাগের কর্মীরা জানিয়েছেন যে এই সাপের দৈর্ঘ্য প্রায় দেড় ফুট। তারা এও জানান যে সাপটির বয়স আন্দাজ ২ সপ্তাহেরও কম। আদিল মির্জা নামের এক বনকর্মী সাপটিকে উদ্ধার করেন। তাঁর মতে, তাঁর ১৫ বছরের কর্মজীবনে এমন সাপ তিনি কখনও দেখেন নি।
আরও পড়ুন- ৫ দিনে করোনায় আক্রান্ত ২৪২ শিশু, সত্যিই কী তবে তৃতীয় ঢেউয়ে আশঙ্কা শিশুদের?
এই সাপটিকে আপাতত দেরাদুন চিড়িয়াখানায় রাখা হয়েছে। এই বিরল প্রজাতির সাপটিকে পরবর্তীকালে বনে ছেড়ে দেওয়া হবে নাকি চিড়িয়াখানাতেই রেখে দেওয়া হবে, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই বিরল প্রজাতির সাপ বন্য অবস্থায় বেঁচে থাকতে পারবে না। এই কারণে এই সাপকে চিড়িয়াখানাতেই রেখে দেওয়া হতে পারে।
এই বিষয়ে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ বিপুল মৌর্য বলেন, “এটি খুবই বিরল সাপ। এর আগে আমি রাজ্যে এমন কোনও সাপ দেখেনি। এটিকে বাইসেফালি বলা হয় এবং এটি কিছু জেনেটিক মিউটেশনের কারণে ঘটে। এই ধরনের সাপ সম্পর্কে খুব কমই জানা যায়, তারা বনের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকে কি না সেটাই জানা যায় না”।






