বিয়ের ৭ মাসের মধ্যেই মা হলেন আলিয়া, রণলিয়ার ঘর আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান, খুশির জোয়ার বি টাউনে

নতুন মা-বাবা হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া। আজ, রবিবার দুপুর সাড়ে বারতানাগাদ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া। সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। ছোট্ট সদস্যের আগমনে এখন খুশির হাওয়া কাপুর ও ভাট পরিবারে।

আলিয়ার আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণবীর। গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোয়নি। এর মাঝেই বন্ধু অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে মুখোমুখি হন রণবীর-আলিয়া। খুনসুটি থেকে বন্ধুত্ব অবশেষে শুটিংয়ের সেটেই মন দেওয়া-নেওয়া সেরে ফেলেন রণলিয়া। 

নানান কারণে সিনেমা মুক্তি আটকে গেলেও রণবীর-আলিয়ার প্রেম আটকে থাকেনি। খুব সহজেই কাপুর পরিবারের সকলের মন জয় করে নেন আলিয়া। গত ১৪ই এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রণলিয়া। পরিবারের লোকজনদের উপস্থিতিতেই বিয়ে সারেন তারা।

বিয়ের আড়াই মাসের মধ্যে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ায় নানা গুঞ্জন ছড়িয়েছিল। বি-টাউনের গুঞ্জনে  অবশ্য কান দেননি কাপুর দম্পতি। তাঁরা মজে ছিলেন নতুন জীবনের আনন্দে। প্রকাশ্যে সেসব কথা শেয়ার করেছিলেন রণবীর-আলিয়া। ভাল মা-বাবা হওয়ার জন্য নিজেদের তৈরি করেছেন তাঁরা। একদিকে যেমন, হবু সন্তানের জন্য ঘর সাজিয়েছেন, অন্যদিকে পড়েছেন নানারকম বইপত্র। প্রস্তুতির মাঝেই রণবীরকে পাশে নিয়ে সাধ খেয়েছেন আলিয়া।

সাধের অনুষ্ঠানের একমাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন আলিয়া। আজ, রবিবার সকাল সাতটা নাগাদ আলিয়াকে নিয়ে হাসপাতালে যান রণবীর। এর কিছু ঘণ্টার মধ্যেই কন্যা সন্তান আসে আলিয়ার কোল আলো করে।

RELATED Articles