সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। শাসক-বিরোধী এখন কোমর বেঁধে নেমেছে ময়দানে। উভয়পক্ষই মিটিং-মিছিল করে নিজেদের শক্তি জারি করছে। এরই মধ্যে বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ‘বাঘ’ বলে সম্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই নিয়ে এবার তাঁকে একহাত নিলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)।
একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দলবদল নিয়ে বেশ জল্পনা তৈরি হয়। তবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বারবার শাসক দলকে নানানভাবে আক্রমণ করেছেন তিনি। এবার তাঁর নিশানায় ফিরহাদ হাকিম।
আসলে, গতকাল, শনিবার বীরভূমে এক কর্মীসভা থেকে অনুব্রত মণ্ডলের প্রশংসা করেন ফিরহাদ হাকিম। এর পাশাপাশি বিজেপিকে নানানভাবে শানানও তিনি। বলেন, “মমতা ছিলেন, আছেন আর থাকবেন। বীরভূমে এসে অনেকে লাফালাফি করছে। টিভিতে মাঝেমধ্যে দেখায়, বনের বাঘ যখন এক দিক থেকে অন্য দিকে যায়, তখন সবাই লাফালাফি করে। তবে আবার সে ফিরে আসলে শিয়ালগুলি লেজ তুলে পালায়”।
এদিন অনুব্রতকে ‘বাঘ’ সম্বোধন করে ফিরহাদ বলেন, “বীরভূমের বাঘকে কিছুদিনের জন্য খাঁচায় রাখা হয়েছে। সারা জীবন কখনোই রাখা যাবে না। যখন ও বেরোবে, তখন শিয়ালগুলি লেজ তুলে পালাবে”।
এদিন অনুব্রতকে সমর্থনে কথা বললেও পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন ফিরহাদ। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের একজন নেতা অন্যায় করেছে। তার জন্য আমরা লজ্জিত। তবে তাকে কেন্দ্র করে তৃণমূলের সবাইকে চোর বলা কখনোই উচিত নয়। এটা বিজেপি ভুল করছে”।
তাঁর এহেন মন্তব্যের পরই এবার তোপ দেগে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “ববিদা (ফিরহাদ হাকিম) এবার একটু শান্ত হন। কলকাতায় মারছেন ডেঙ্গিতে, বীরভূমে উস্কানিতে”।
বলে রাখি, বর্তমানে ডেঙ্গুর জেরে পরিস্থিতি খারাপ কলকাতায়। বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে এই রোগ। এমন পরিস্থিতিতে বিরোধীদের তরফে অভিযোগ জানানো হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ করছে না কলকাতা পুরসভা। এবার সেই একই কথা উঠে এল জিতেন্দ্র তিওয়ারির কণ্ঠেও।





