প্রদীপ সরকার পরিচালিত একটি বিজ্ঞাপনী সংস্থার ছবিতে একসাথে কাজ করেছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এবং অম্বরীশ ভট্টাচার্য। সময়টা ২০১৮ সাল।স্বাভাবিক ভাবেই ভীষণ চাপে ছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কিন্তু মিনিট পনেরো কাটানোর পরেই সে সব উধাও।
সেই সময় থেকেই বিগ বি জন্মদিনে শুভেচ্ছা জানান অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। এবারও তার অন্যথা হয়নি।রবিবার রাতে শুভেচ্ছা জানান তিনি।সোমবার সকালে সাড়ে সাতটা নাগাদ উত্তর দিয়েছেন অমিতাভ।
এরপরেই একেবারে স্মৃতির পাতায় ডুব দিলেন অভিনেতা। তার কথায় “অ্যাকশন’ আর ‘কাট’-এর বাইরে অমিতাভ একেবারে অন্য মানুষ। এক দীর্ঘদেহী ঝুঁকে পড়া বুড়ো মানুষ! আমার জ্যাঠা, কাকা বা দাদুর মতো। পরিচালক ‘রোল’ বললে সেই অমিতজিই টানটান। যেন ‘দিওয়ার’ বা ‘অগ্নিপথ’-এর অমিতাভ। অভিনয় শেষ হলেই ফের ঝুঁকে পড়ছেন, হাঁফাচ্ছেন। একটু চেয়ারে বসছেন।” সময় পেলেই ট্যাব ঘাটছেন তিনি, টুইটারে ট্যুইট করছেন আবার ফেসবুক ও দেখেন।
সকাল ১১টা নাগাদ সেটে এসে টানা ৬-৭ ঘণ্টা শুটিং করতেন তিনি। মাঝে কোনো ব্রেক নেই। এমনকি দুপুরে লাঞ্চ ও করতেন না। শুধুমাত্র দুবার প্রোটিন সমৃদ্ধ পানীয় খেতেন। এমনকি পরিচালক লাঞ্চের ব্রেক চাইলে ক্ষুব্ধ অমিতাভ জানাতেন তিনি দুপুরে লাঞ্চ করেন না।তার কথায় ‘‘কোনও প্রয়োজন নেই। আমি দুপুরে খাই না।’’
এদিকে সেদিন বিজ্ঞাপনী সংস্থার ছবিতে কিছু না খেয়েই ছিলেন অম্বরীশ। তার কথায় হাতের কাছে অমিতাভ বচ্চন! আমাদের পেট সে দিন এমনিই ভরে গিয়েছিল!





