বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। বিগ বি অভিনয় শুধু না, মানুষ হিসেবেও তার জনপ্রিয়তা তুঙ্গে। এই হেন ব্যাক্তিত্ব পান মশলা বিজ্ঞাপন নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। এমনকি অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে কটাক্ষ করতেও ছাড়েননি।
প্রশ্ন উঠতে শুরু করে তাঁর মতো একজন ব্যক্তিত্ব কীভাবে এমন সামগ্রীর বিজ্ঞাপন করতে পারেন? পাশাপাশি তামাক বিরোধী সংস্থার পক্ষ থেকে বিগ বি’কে চিঠিও লেখা হয়। এরপরেই নড়ে চড়ে বসেন অমিতাভ বচ্চন।
নিজের ৭৯ তম জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দেন তিনি।তাঁর অফিসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয় বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা জানতেন না অমিতাভ বচ্চন। যে মুহূর্তে তিনি জানতে পারেন, সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন।এমনকি বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।
এরপরেই অভিনেতার পক্ষ থেকে ঘনিষ্ট মহলে অসন্তোষ প্রকাশ করা হয়।চুক্তি বাতিল করার পরেও সেই বিজ্ঞাপন কেন সম্প্রচার করা হবে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা।এরপরেই আইনজীবীদের পরামর্শ নিয়েই ওই সংস্থাকে আইনি নোটিস পাঠান। যদিও এই ঘটনায় পানমশলা সংস্থা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর সমস্ত প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পান মশলা বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে আগেও দেখা গিয়েছিল। শাহরুখ খান, অজয় দেবগন মতো তারকারা বিজ্ঞাপন প্রচারে অংশ নিয়েছিলেন কিন্তু অমিতাভ বচ্চনের এই পান মশলা প্রচার একেবারেই মেনে নিতে পারেননি তার অনুরাগীরা। তাই ভক্তদের ইচ্ছাকে সম্মান দিয়ে নিজের জন্মদিনের দিনে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ বচ্চন। এর পর কোম্পানিকে আইনি নোটিশ ধরালেন অভিনেতা।





