মুম্বইয়ে এখন নতুন করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন অভিনেত্রী অনিন্দিতা বসু। কাজের সূত্রে কলকাতায় আসা হলেও বর্তমানে মুম্বইতেই থাকেন তিনি। সম্প্রতি নতুন ছবি ‘ঘুনগাঁও’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। এই ছবিতে রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। থ্রিলার ঘরানার ছবিতে অনিন্দিতার চরিত্রের নাম সানায়া। অভিনেত্রীর কথায়, বাস্তব জীবনের অনিন্দিতার সঙ্গে এই চরিত্রের বেশ কিছুটা পার্থক্য রয়েছে। পর্দায় সানায়াকে সাহসী ও ডেয়ারডেভিল স্বভাবের দেখা গেলেও, নিজেকে তুলনায় একটু ভীতু বলেই জানিয়েছেন অভিনেত্রী।
মুম্বইয়ে বড় হওয়া অনিন্দিতা পরবর্তীতে কলকাতায় এসে অভিনয়জীবন শুরু করেন। ‘বউ কথা কও’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশের পর ‘গানের ওপারে’-তে কাজ করে দর্শকের নজরে আসেন তিনি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বড় পর্দায় ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন অনিন্দিতা। এরপর অনীক দত্ত, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন তিনি। তবে কলকাতায় এসে প্রথম দিকে তাঁকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে বাংলা ভাষায় সাবলীল না হওয়াটা ছিল তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।
অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রিতে আসার পর তাঁকে অনেক সময় ‘আউটসাইডার’-এর মতো ব্যবহার করা হয়েছিল। তাঁর বাংলা বলার ধরন নিয়েও মন্তব্য শুনতে হয়েছে। তবে সেই পরিস্থিতিকে থামার কারণ করেননি তিনি। বরং বাংলা পড়া, লেখা এবং বলা শেখার জন্য আলাদা করে পরিশ্রম করেছেন। বাড়িতে শিক্ষক রেখে বাংলা শেখার কথাও জানিয়েছেন অনিন্দিতা। তাঁর মতে, শুরুর সেই সময়টা সহজ ছিল না, কিন্তু সেটাই তাঁকে নিজের জায়গা তৈরি করতে সাহায্য করেছে।
একটানা কয়েক বছর কাজ করার পর একটা সময় নিজেকেই যেন হারিয়ে ফেলছিলেন বলে মনে হয়েছিল অনিন্দিতার। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে নিজের জন্য সময় দেওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন তিনি। সেই কারণেই কিছুটা বিরতি নিয়ে মুম্বইয়ে চলে যান। সেখানে নতুন করে কাজ শুরু করাও সহজ ছিল না। প্রায় ৫০টি অডিশন দেওয়ার পর প্রথম কাজ পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে নিয়মিত অডিশন দিচ্ছেন তিনি। পাশাপাশি জুন মাসে একটি বড় হিন্দি ছবির শুটিং শেষ করেছেন বলেও জানিয়েছেন। তবে ছবিটির নাম বা বিস্তারিত এখনও প্রকাশ্যে আনেননি তিনি।
আরও পড়ুনঃ ‘কমলা নিবাস’-এর পর ফের ছোট পর্দায় পরমব্রত, এবার কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
এদিকে ‘ঘুনগাঁও’-এর কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে বিশেষ। দীর্ঘদিন পর রণজয় বিষ্ণুর সঙ্গে কাজ করেছেন অনিন্দিতা। অভিনেতার সঙ্গে বহু বছর আগে একটি শো করার স্মৃতিও রয়েছে তাঁর। নতুন ছবিতে তাঁদের জুটি দর্শকের কেমন লাগে, সেটাই এখন দেখার। একইসঙ্গে মুম্বইয়ে নিজের কেরিয়ার আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। আগামী দিনে নতুন হিন্দি কাজের খবর প্রকাশ্যে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। আপাতত কলকাতায় পুজোর সময়টা কাটানোর পরিকল্পনা থাকলেও কাজের দৌড়ে তাঁর মুম্বই-কলকাতা যাতায়াত চলতেই থাকবে।






