বিনোদন দুনিয়ায় সম্পর্ক তৈরি হওয়া যেমন স্বাভাবিক, তেমনই সম্পর্ক ভেঙে যাওয়া নতুন কিছু নয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝলকানি, ব্যস্ত শিডিউল, ব্যক্তিগত ও পেশাদার জীবনের ভারসাম্যহীনতা—এসবই অনেক সময় দূরত্ব বাড়িয়ে দেয় সম্পর্কের মধ্যে। কখনও মনোমালিন্য, কখনও মানসিক ক্লান্তি আবার কখনও ভবিষ্যতের নতুন পরিকল্পনার কারণে একসঙ্গে পথচলা কঠিন হয়ে ওঠে। তাই প্রেম দিবসের ঠিক পরেই যখন আবারও বিচ্ছেদের খবর শোনা যায়, দর্শকদের মনে প্রশ্ন জাগে—এবার কার সম্পর্কে ইতি?
গত কয়েক মাস ধরে টলিপাড়ায় এক দম্পতির সম্পর্কে টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। তাঁদের একসময়ের প্রেম, তার পর দীর্ঘ দাম্পত্য জীবন—সবকিছুই ছিল দর্শকদের কাছে অনুপ্রেরণা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে, আর সেই কারণেই তাঁদের একসঙ্গে থাকার সিদ্ধান্ত এবার বদলাতে চলেছে বলে জানা যাচ্ছে। অনেকেই তাঁদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা জানতে উদগ্রীব।
অবশেষে সেই খবর প্রকাশ্যে এল। টলিউডের জনপ্রিয় পরিচালক-গায়ক-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী চিত্রশিল্পী-লেখিকা মধুজা বন্দ্যোপাধ্যায় আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। ১৯ বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন তাঁরা। গত বছরের আগস্ট মাসেই মধুজা সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবার সেই বিচ্ছেদ আইনি স্বীকৃতি পেতে চলেছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই তাঁরা আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্কে সমস্যা চলছিল। মধুজা আগেই জানিয়েছিলেন, গত ১৪ বছর ধরে নানা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই কারণেই ২০১৯ সালে তিনি একমাত্র সন্তানকে নিয়ে মুম্বই চলে যান। ভেবেছিলেন, হয়তো দূরত্ব তাঁদের সম্পর্কের নতুন সংজ্ঞা দেবে। কিন্তু শেষ পর্যন্ত এই দূরত্বই তাঁদের আলাদা করে দিল। যদিও তাঁরা একসঙ্গে সন্তান লালনপালন করবেন, তবে বৈবাহিক সম্পর্কে আর থাকতে চান না।
আরও পড়ুনঃ বৃহস্পতি মিথুনে প্রবেশ করলেই বদলে যাবে ভাগ্য! কারা হবেন কোটিপতি, কারা পাবেন সফলতা?
তবে এই বিচ্ছেদ শুধু কাগজে-কলমেই! কারণ মধুজা নিজেই জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ শুধু বৈবাহিক সম্পর্কে, বন্ধুত্বে নয়। নিজেদের সম্পর্কের পরিবর্তন মেনে নিয়ে তাঁরা দুজনেই নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছেন। মধুজার ভাষায়—”বিচ্ছেদ বিয়ের হয়েছে, বন্ধুত্বের নয়!” এই সম্পর্কের পরিণতি যা-ই হোক, অনিন্দ্য-মধুজা দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।





