কিছুদিন আগেই দুবাই থেকে ফিরেছেন হবু মা-বাবা। আইপিএল সফরে সবসময় বিরাটের পাশে পাশেই ছিলেন অনুষ্কা। অবশেষে ঘরে ফেরার পালা। দুবাইতে থাকতেই নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। প্রত্যেক ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। এবার দেশে ফিরে এই অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফের নিজের কাজে মন দিলেন অনুষ্কা।
দুবাইতে থাকাকালীন প্রতিনিয়ত বিরাটের অবলম্বন হয়েছেন তিনি। স্টেডিয়ামে দাঁড়িয়ে বিরাটকে উৎসাহ জোগানো হোক বা তার পাশে থাকা, সবটাই করেছেন অনুষ্কা। মরু দেশেই পালন করেছেন বিরাটের জন্মদিন। ফিরে এসে ফের কাজে মন দিলেন তিনি। এতদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন অনুষ্কা। কোনও বিজ্ঞাপনের শুটিংও করেন নি তিনি। কিন্তু কাজের প্রতি যে তার আলাদাই নিষ্ঠা রয়েছে তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী। এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাকে দেখা গেল বিজ্ঞাপনের শুটিং করতে।
সম্প্রতি, অনুষ্কার একটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই ছবিতে তাকে ভ্যানিটি ভ্যান থেকে নামতে দেখা গেছে। তার পরনে সবুজ গাউন, মুখে মাস্ক। গাউনে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। খবর সূত্রে জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনের শুটিং করছেন অনুষ্কা। টানা সাতদিন মুম্বইয়ের একটি স্টুডিওতে চলবে শুটিং। করোনার সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে শুটিং। নিজের চেনা ফ্লোরে ফিরে বেশ চনমনে থাকতে দেখা গেল অভিনেত্রীকে। অন্যদিকে, বিরাটও কিছু কম যান না। স্ত্রীর সঙ্গে থাকার পাশাপাশি বাড়িতেই পুরদমে ঘাম ঝড়াচ্ছেন তিনি। ছুটিতে নিজের শরীরচর্চার কোন ঘাটতি রাখছেন না বিরাট।
জানুয়ারিতেই আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন বিরাট-অনুষ্কা। সন্তান হওয়ার সময় সবসময় স্ত্রীয়ের পাশেই থাকতে চান বিরাট। তাই পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন তিনি। এদিকে প্রথম মাতৃত্বকে চুটিয়ে উপভোগ করছেন অনুষ্কাও। দুবাই থেকে ফিরে নিজের মা-বাবার কাছেই থাকছেন তিনি। পরিবারে সন্তান আসার খুশিতে ডগমগ অনুষ্কার বাবাও। মেয়ের লাবন্যকে ক্যামেরাবন্দী করার কোনও সুযোগ হাতছাড়া করছেন না তিনি। এক বিকেলে চায়ের আড্ডায় মেয়ের হাসিমুখের ছবি ক্যামেরায় ধরে রাখলেন তিনি। মেয়েও তেমনি বাবার প্রতিচ্ছবি সঙ্গে নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি।





