প্রতি আক্রমণ! বঙ্গ বিজেপি সভাপতিকে ‘ENT’ ডাক্তার দেখানোর পরামর্শ জ্যোতিপ্রিয় মল্লিকের

বিহার পরবর্তী বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে উষ্ণতার পারদ ক্রমেই বাড়ছে। বাক্-আক্রমণ থেকে শুরু করে হত্যার রাজনীতি বাংলায় ধীরে ধীরে সব ফিরছে। রাখঢাক না রেখে চাঁচাছোলা ভাষায় একে অপরকে আক্রমণ করছেন শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই৷

যেমন গতকাল অর্থাৎ রবিবার আর‌ও একবার BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক৷ গতকাল তিনি দিলীপ ঘোষের জিভ ও মুখের চিকিৎসা করানোর পরামর্শ দান করেন। একইসঙ্গে আক্রমণ শানান BJP সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধেও।
শনিবার জগদ্দলে গঙ্গার ঘাট পরিদর্শনের সময় অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, পাঁচ তৃণমূল সাংসদ BJP-তে যোগ দেবেন। আরও বলেন, ক্যামেরার বাইরে জিজ্ঞাসা করলে তৃণমূলের সৌগত রায়ও BJP-তে যোগ দেওয়ার কথা বলবেন।

এই প্রসঙ্গে নিজের বক্তব্যে জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি সাংসদকে নিশানায় রেখে বলেন, ‘‘আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পা টলে। এখন দেখছি, দিনের বেলাতেই ব্যারাকপুরের সাংসদ অখাদ্য-কুখাদ্য খেয়ে বাজে বকছেন। এইসব কথা থ্রি-ফোর পাশ ছেলেমেয়েরা বলে।’’ সঙ্গে জ্যোতিপ্রিয়’র সংযোজন, ‘‘পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও স্পিকার‌ও সৌগত রায়ের কথা মন দিয়ে শোনেন। তিনি পরপর দু’বার দেশের শ্রেষ্ঠ সাংসদ মনোনীত হয়েছেন। তাঁকে নিয়ে বলার মতো শিক্ষাগত যোগ্যতা ব্যারাকপুরের সাংসদের নেই।”

রবিবার দত্তপুকুরের একটি অনুষ্ঠানে BJP-র বঙ্গ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বাংলাকে গুজরাত বানাব । কারও বাবার সাধ্য নেই ঠেকাবে।’’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষেরও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন । তারপর তিনি তাঁর সুচিকিৎসার পরামর্শ দেন । কটাক্ষ করে বলেন, ‘‘যদি ঠোঁট আর মুখ আটকানোর চিকিৎসা করা যায়, তাহলে তাঁর দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব দিলীপবাবুর যেন সেই ব্যবস্থা করা হয়।’’

RELATED Articles