‘সৌজন্যের খাতিরে? সেই সৌজন্য আমায় দেখাতে পারেননি…’ নাম নিলেন না, ইঙ্গিত স্পষ্ট! টলিউডে নতুন চাপানউতোর, কটা’ক্ষে কাকে বিঁধলেন অরিত্র দত্ত বণিক?

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকে টলিউডের একাধিক পরিচিত মুখকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। সম্প্রতি অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ার একটি পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিটি ঘিরে নেটমাধ্যমে নানা মন্তব্য এবং কটাক্ষ শুরু হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন নীরব না থেকে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। রবিবার তিনি একটি ভিডিও পোস্ট করে ট্রোলারদের উদ্দেশে সরাসরি বার্তা দেন।

ভিডিও বার্তায় অপরাজিতা বলেন, যদি সত্যিই সবাই কাজ পাওয়ার আশায় মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক রাখতেন, তাহলে চলচ্চিত্র জগতের অনেক পরিচিত শিল্পীর কাজের অভাব থাকত না। উদাহরণ হিসেবে তিনি শতাব্দী রায় ও সায়নী ঘোষের নামও উল্লেখ করেন। অভিনেত্রীর দাবি, ছোটবেলা থেকে তিনি সৌজন্যবোধের শিক্ষা পেয়েছেন এবং সেই কারণেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেননি। ভাইফোঁটার মতো অনুষ্ঠানেও সেই সৌজন্যের জায়গা থেকেই তিনি উপস্থিত হয়েছেন বলে জানান।

অপরাজিতা আরও বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে তাঁর হাতে তেমন কাজ ছিল না। যদি শুধুমাত্র কাজের স্বার্থে তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাহলে কর্মজীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কিংবা অন্য কোনও মন্ত্রী আমন্ত্রণ জানালেও তিনি সৌজন্যের খাতিরে সেই ডাকে সাড়া দেবেন। তাঁর বক্তব্যের মূল সুর ছিল ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে না মেশানোর আবেদন।

এই মন্তব্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই অভিনেতা অরিত্র দত্ত বণিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবু অনেকের মতে পোস্টটি ছিল অপরাজিতা আঢ্যকে উদ্দেশ্য করেই। অরিত্র লেখেন, অরূপ ও স্বরূপ বিশ্বাসের ঘটনা সামনে আসার পর কিছু অভিনেতা অভিনেত্রী এখন সৌজন্যের কারণ দেখিয়ে তাঁদের ঘনিষ্ঠতার ব্যাখ্যা দিচ্ছেন। এরপর তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ টেনে নিজের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ ‘বি’ষাক্ত সাপ একটা…’ জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা নয়, রহস্যময় পোস্ট তৃণার! নীলের সঙ্গে কি তবে সম্পর্কের ইতি? অভিনেত্রীর ইঙ্গিতে, টলিপাড়ায় ফের ডিভোর্স চর্চা!

পোস্টে অরিত্র আরও লেখেন, তিনি নাকি বহু বছর আগে থেকেই পরিচিত তদন্তকারী আধিকারিকদের বলেছিলেন, কোনও অভিযানের আগে যেন তাঁকে জানানো হয় যাতে সৌজন্যের খাতিরে কিছু টাকা নিয়ে যেতে পারেন। সেই সুযোগ তাঁকে কখনও দেওয়া হয়নি বলেও কটাক্ষ করেন তিনি। শেষে প্রশ্ন তোলেন, এভাবে কোনও বিচারব্যবস্থা চলতে পারে কি না। তাঁর এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কোথাও অপরাজিতার নাম লেখা হয়নি, তবু অধিকাংশের ধারণা অভিনেত্রীর সাম্প্রতিক বক্তব্যকেই লক্ষ্য করে এই পোস্ট করা হয়েছে। এর আগেও অরিত্র নাম না করে বিভিন্ন তারকাকে নিয়ে মন্তব্য করেছেন বলে জানা যায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর