রণবীর কাপুরের পুরনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে বেশ বিপাকে পড়েছে ‘ব্রহ্মাস্ত্র’ টিম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে বয়কট ব্রহ্মাস্ত্র। এসবের মধ্যে এবার মহাকাল মন্দিরে ঘটে গেল এক ঘটনা। ছবির জন্য মঙ্গল কামনায় মহাকাল মন্দিরে যান রণবীর কাপুর, আলিয়া ভাট, ও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
কিন্তু মন্দিরে বিক্ষোভ দেখাতে থাকে বজরং দল। রণবীর-আলিয়াকে মন্দিরে ঢুকতেই দেন না তারা। এর জের বজরং দলের বিক্ষোভের মুখে পড়ে মহাকাল মন্দিরের ভেতরে ঢুকতে পারলেন না রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে পরিচালক অয়ন মুখোপাধ্যায় মন্দিরে গিয়ে পুজো দেন
বিতর্কের সূত্রপাত ‘রকস্টার’ ছবির প্রচারের সময় রণবীরের একটি সাক্ষাৎকারকে ঘিরে। সেই সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন যে তাঁর পরিবার পেশোয়ারে থাকত। তাই নানান ধরণের মাংস খান তারা। রণবীর জানান যে তিনি গো-মাংস খেতে খুবই ভালোবাসেন। তাঁর সেই সাক্ষাৎকার ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তির আগেই। আর এর জেরেই অনেকে ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই ছবি বয়কটের ডাক উঠেছে। আলিয়া ভাটকেও হিন্দুবিরোধী তকমা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ার এই বিক্ষোভ এবার দেখা গেল মহাকাল মন্দিরের বাইরেও। গতকাল, মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাঁদের আসার খবর পেতেই মন্দির চত্বরে জড়ো হয়ে যান বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তাঁদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তারা।
এমন বিক্ষোভের মুখে পড়ে রণবীর ও আলিয়া আর মন্দিরে প্রবেশ করেন নি। অয়ন মুখোপাধ্যায় এক মন্দিরে গিয়ে পুজো দেন। ছবির সাফল্য কামনা করেন। আগামী শুক্রবারই মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে রণবীরকে দেখা যাবে শিবের ভূমিকায় আর আলিয়ার চরিত্রের নাম ইশা যার অর্থ পার্বতী। এছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের।





