‘অনেকদিনের স্বপ্নপূরণ হল’, এবারের ধনতেরাসে সোনার কাপ-প্লেট কিনলেন বাপ্পি লাহিড়ী

বাপ্পি লাহিড়ীর গান তো জগতজোড়া বটেই, এরই সঙ্গে তাঁর সোনাও বেশ জনপ্রিয়। সোনা ভীষণ ভালোবাসেন তিনি। শুধুমাত্র সঙ্গীত পরিচালক হিসেবেই নন, ‘ইন্ডিয়ান গোল্ডম্যান’ নামেও তিনি বিখ্যাত। এবারের ধনতেরাসে অনুরাগীদের বিশেষ চমক দিলেন বাপ্পিদা।

প্রত্যেক বছরই ধনতেরাসে কিছু না কিছু সোনা কিনে থাকেন বাপ্পি লাহিড়ী। নানা সোনা রয়েছে তাঁর পছন্দের তালিকায়। তবে ধনতেরাসে তিনি যে সোনা কিনলেন, তা একেবারেই আলাদা।

এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বাপ্পি লাহিড়ী বলেন, “সোনার গয়না আমার কাছে হরেক রকমের রয়েছে । তাই এবার আর গয়না কিনলাম না। বরং কয়েকদিন আগে সোনার চায়ের কাপ ও প্লেট দেখেছিলাম। স্ত্রীকে বললাম এবারের ধনতেরাসে সেটাই কিনে নিয়ে এসো! বলা ভাল অনেক দিনের একটা ইচ্ছে এবারের ধনতেরাসে পূর্ণ হল”।

কিছুদিন আগেই খবর পাওয়া গিয়েছিল যে বাপ্পি লাহিড়ী খুব অসুস্থ। তিনি নাকি নিজের কণ্ঠস্বর হারিয়েছেন, এমনও খবর শোনা যায়। তবে এসবকিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং বাপ্পি লাহিড়ীই। এমন ঘটনা নিয়ে তিনি যে বেশ ক্ষিপ্ত, তাও জানান তিনি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বাপ্পি লাহিড়ী জানান, “এই ঘটনায় আমি হতবাক। আমার শুধুমাত্র কাশি হয়েছিল। কণ্ঠস্বর একেবারেই ঠিক রয়েছে আমার”।

বাপ্পি লাহিড়ী আরও বলেন, “গত ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। এরকম ঘটনা আগে কখনই ঘটেনি। গোটা বিষয়টা নিয়ে সত্যিই আমি খুব দুঃখ পেয়েছি। আমি এখন একটা ডকুমেন্টারির কাজ করছি। সুস্থ না থাকলে, কীভাবে তা করতাম? সামনে আরও কিছু রেকর্ডিং রয়েছে”।

আরও অন্যান্য খবর