সম্প্রতিই শেষ হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা চাউর হতেই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ শুরু করেন দর্শকমহলের একাংশ। এমনকি, অনেকে আত্মহত্যার হুমকিও দিয়েছেন। কিন্তু সেসব প্রতিবাদে কর্ণপাত না করেই ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
তবে সিরিয়ালের শেষ পর্বে যে দর্শকদের জন্য একটা ধামাকাদার চমক অপেক্ষা করছিল তা কে জানত। শেষ পর্বে ক্যামেরার সামনে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল উজান ও হিয়াকে। বাংলা সিরিয়ালের সমস্ত রাখঢাককে সরিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করলেন উজান ও হিয়া। সাধারণত এই ধরণের চুম্বনের দৃশ্য বাংলা সিরিয়ালে বিরল।
এই দৃশ্য দেখে যেমন দর্শক চমকেছেন, তেমন একাধিক মহলে প্রশ্ন উঠেছে করোনা পরিস্থিতিতে সুরক্ষা নিয়েও। লকডাউনের পর শুটিং শুরু হলেও দূরত্ব বিধির কথা মাথায় রেখে সব সাবধানতা অবলম্বন করেই চলছে শুটিং। তাই রোম্যান্টিক দৃশ্য গুলো কেমন যেন মেকি মনে হচ্ছে। কিন্তু এর মাঝে উজান হিয়ার চুম্বন দৃশ্য নিয়ে উঠেছে প্রশ্ন।
এই মেকি ভাবটা কাটাতেই শেষ পর্বে এমন একটি দৃশ্যের সিদ্ধান্ত নিয়েছেন এখানে আকাশের নীলের নির্মাতারা। তবে ঘনিষ্ঠ দৃশ্য থেকে চুম্বন সবটাই যে নায়ক নায়িকার অনুমতি নিয়েই করা হয়েছে, এও স্পষ্ট জানানো হয় নির্মাতা ও প্রযোজনা সংস্থা থেকে।
তবে এই দৃশ্য নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরে। আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “যারা বৈঠকে বসে নিজেরাই নির্দেশ বানালেন, তারাই যদি নিয়ম ভাঙেন তাহলে আর কি বলার থাকবে”।
অন্যদিকে, উজান ওরফে শনের জানান, সব নির্দেশ মেনেই শুটিং হয়েছে। বেশিরভাগ দৃশ্যই চিট করে করা হয়েছে। তবে সিরিয়াল শেষ হওয়ার পর এই বিষয়ে হিয়া ওরফে অনামিকা কোনও মন্তব্য করেন নি। এর আগে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান যে, সব ধারাবাহিকই একটা সময় শেষ হওয়া জরুরি নাহলে একঘেয়ে হয়ে যায়।





